...|...|...

বিশ্ব

মাঝ আকাশে ছিনতাইয়ের সংকেত, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৭
Shares
মাঝ আকাশে ছিনতাইয়ের সংকেত, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের

ছবি: সংগৃহীত

বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর ফ্রাঙ্কফুর্ট থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে ভারতের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ফ্লাইটটিতে ৩০৬ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে সতর্কবার্তাটি পাইলটের ভুলে চালু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান চরণ সিংয়ের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানাঢ, ফ্লাইট এআই২০৩০ স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে নিরাপদে অবতরণ করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাইলট ভুলবশত ছিনতাইয়ের সতর্কবার্তা চালু করে থাকতে পারেন বলে জানিয়েছেন তিনি।

অবতরণের পর বিমানটিকে বিমানবন্দরের একটি বিচ্ছিন্ন এলাকায় নেওয়া হয়। সেখানে নিরাপত্তাকর্মীরা বিমান ও যাত্রীদের মালপত্র তল্লাশি করেন। পরে ৩০৬ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া শেষে যাত্রীরা তাঁদের গন্তব্যে যাত্রা অব্যাহত রাখবেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটি থেকে ‘স্কোয়াক ৭৫০০’ সংকেত পায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই সংকেত বিমান ছিনতাই বা বিমানে বেআইনি হস্তক্ষেপের আশঙ্কা বোঝাতে ব্যবহার করা হয়। সংকেত পাওয়ার পরই বিমানটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

পরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), স্থানীয় পুলিশ এবং বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি চালান।

প্রাথমিক প্রতিবেদনে সতর্কবার্তাটি নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেলেও জয়পুর বিমানবন্দরের প্রধানের বক্তব্যে পাইলটের ভুলের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে এখন পর্যন্ত প্রকৃত বিমান ছিনতাইয়ের কোনো চেষ্টা হয়েছে বলে নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সতর্কবার্তা চালু হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।