ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদবিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সাথে নিজের রাজ্যসভার সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই নেতা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে দলের কার্যক্রম জোরদার করতে নিজের পুরো সময় ও মনোযোগ দিতে চান মুরুগান। এ জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে মুরুগান লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ও তামিলনাড়ুর সেবা করতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান।
এখন তৃণমূল পর্যায়ে ফিরে গিয়ে দলের কর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। দলের প্রতি নিজের অবিচল অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, 'সবার আগে দেশ, এরপর দল, সবার শেষে নিজের স্বার্থ।'
এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য বড় ধরনের রদবদল নিয়ে যখন নানা আলোচনা চলছে, ঠিক তখনই এল মুরুগানের পদত্যাগের এই ঘোষণা এল। এর আগে জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও রাজ্যসভার সদস্যকে পুনরায় মনোনয়ন না দেওয়ার গুঞ্জন ওঠে।
তবে মুরুগানের এই পদত্যাগ সরাসরি মন্ত্রিসভার রদবদলের সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

