...|...|...

বিশ্ব

আলাস্কার পাইপলাইন থেকে ৩০ শতাংশ গ্যাস কিনবে তাইওয়ান: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:২৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ২:০৪
Shares
আলাস্কার পাইপলাইন থেকে ৩০ শতাংশ গ্যাস কিনবে তাইওয়ান: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় পরিকল্পিত পাইপলাইন প্রকল্প থেকে আগামী ২০ বছরের জন্য ৩০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে তাইওয়ান সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ অক্টোবর) আলাস্কার ওয়াসিলায় এক সমাবেশে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, আগামী দুই দশক ধরে এই পাইপলাইন থেকে সরবরাহ করা গ্যাসের ৩০ শতাংশ কিনবে তাইওয়ান। তাঁর ভাষায়, এই প্রতিশ্রুতি প্রকল্পটির সাফল্য নিশ্চিত করবে। তিনি একে ইতিহাসের অন্যতম বড় প্রতিশ্রুতি ও চুক্তি বলেও উল্লেখ করেন।

সমাবেশে উপস্থিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, প্রকল্পটির উন্নয়নে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, তাইওয়ানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সিপিসি করপোরেশন গত বছর আলাস্কা গ্যাসলাইন ডেভেলপমেন্ট করপোরেশনের সঙ্গে এ প্রকল্প থেকে এলএনজি কেনা ও বিনিয়োগের বিষয়ে চুক্তিতে পৌঁছেছিল।

প্রকল্পটির আওতায় আলাস্কার দুর্গম উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত পাইপলাইন নির্মাণ করে প্রাকৃতিক গ্যাস পরিবহনের পরিকল্পনা রয়েছে। পরে সেই গ্যাস তরলীকৃত করে জাহাজের মাধ্যমে ক্রেতাদের কাছে পাঠানো হবে।