...|...|...

ধর্ম

মোজার ওপর মাসেহ করার নিয়ম ও সময়সীমা জানুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৭
Shares
মোজার ওপর মাসেহ করার নিয়ম ও সময়সীমা জানুন

ছবি: সংগৃহীত

শীতের সকালে অজু করতে গিয়ে ঠান্ডা পানিতে পা ধোয়া অনেকের জন্য কষ্টকর হয়ে ওঠে। এ অবস্থায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে মোজার ওপর মাসেহ করার সুযোগ রয়েছে ইসলামী শরিয়তে। তবে সব ধরনের মোজার ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য নয়। মোজার ওপর মাসেহ করার সঠিক নিয়ম, বৈধতার শর্ত এবং কতক্ষণ পর্যন্ত মাসেহ করা যায়, তা জানা জরুরি।

মোজার ওপর মাসেহ করার সময়সীমা ব্যক্তির অবস্থানের ওপর নির্ভরশীল। শরিয়তের পরিভাষায়, মুসাফির অর্থ এমন ব্যক্তি, যিনি শরিয়ত নির্ধারিত দূরত্বে সফরের উদ্দেশ্যে নিজ এলাকা ত্যাগ করেছেন। আর মুকিম হলেন যিনি মুসাফিরের বিধানের আওতাভুক্ত নন। মুসাফির ব্যক্তি তিন দিন তিন রাত বা ৭২ ঘণ্টা এবং মুকিম ব্যক্তি এক দিন এক রাত বা ২৪ ঘণ্টা পর্যন্ত মাসেহ করতে পারবেন।

এ প্রসঙ্গে হাদিসে হজরত রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘মোজার ওপর মাসেহ করার সময় মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকিমের জন্য এক দিন এক রাত।’ (আবু দাউদ: ১৫৭)

মোজা মাসেহ কী?

মোজা মাসেহ হলো অজুর সময় পায়ের মোজা খুলে পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর ভেজা হাত বুলিয়ে নেওয়া।

মোজা মাসেহের শর্তাবলী

সব ধরণের মোজার ওপর মাসেহ করা জায়েয নয়। কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে তবেই মাসেহ করা যাবে:
১. পবিত্র হয়ে মোজা পরা: প্রথমে পূর্ণ অজু করে পা ধুয়ে পবিত্র হয়ে নিতে হবে, তারপর মোজা পরতে হবে।
২. মোজা টাখনু ঢেকে রাখা: মোজাটি এমন হতে হবে যাতে তা টাখনু সহ পুরো পা ঢেকে রাখে।
৩. মোজা ছেঁড়া না থাকা: মোজা যদি এমন ছেঁড়া হয় যে পায়ের ছোট তিনটি আঙ্গুল দেখা যায় তবে মাসেহ করা যাবে না।
৪. মোজা পায়ে লেগে থাকা: মোজাটি ফিতা বা দড়ি দিয়ে বাধা ছাড়া নিজেই পায়ে লেগে থাকতে হবে।
৫. হাঁটার উপযোগী হওয়া: মোজাটি এমন হতে হবে যা পড়ে অন্তত তিন মাইল হাঁটা সম্ভব।
৬. সুতির মোজা: সুতির মোজার ওপর মাসেহ জায়েয নয়। মোজাটি চামড়ার বা এমন উপাদানের হতে হবে যা পানির ভেতরে ঢুকতে বাধা দেয়।

মোজা মাসেহের সময়সীমা

মোজা মাসেহের সময়সীমা দুটি ভাগে বিভক্ত:
১. মুকিম: যে ব্যক্তি নিজ এলাকায় থাকে সে এক দিন এক রাত বা ২৪ ঘণ্টা পর্যন্ত মাসেহ করতে পারে।
২. মুসাফির: যে ব্যক্তি শরিয়ত নির্ধারিত দূরত্বে ভ্রমণের জন্য নিজ এলাকা ত্যাগ করেছে সে তিন দিন তিন রাত বা ৭২ ঘণ্টা পর্যন্ত মাসেহ করতে পারে।

মোজা মাসেহের নিয়ম

মোজার ওপর মাসেহ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে:
১. ফরজ: অজুর সময় পায়ের মোজা মাসেহ করার ফরজ সীমা হলো হাতের ছোট তিন আঙুলের সমান পায়ের উপরের অংশ মাসেহ করা।
২. সুন্নত: হাতের আঙ্গুলগুলো পায়ের আঙ্গুলের মাথা থেকে খুলে টাখনু পর্যন্ত মাসেহ করা সুন্নত।

মোজা মাসেহ কখন ভেঙে যায়

মোজার ওপর মাসেহ নিম্নলিখিত কারণে ভেঙে যায়:
১. অজু ভাঙা: যে কারণে অজু ভেঙে যায় সে কারণে মাসেহও ভেঙে যায়।
২. মোজা খোলা: মোজা পা থেকে খুলে ফেললে মাসেহ ভেঙে যায়।
৩. মোজা ছেঁড়া: মোজা যদি এমনভাবে ছিঁড়ে যায় যে পায়ের টাখনু সহ বেশিরভাগ অংশ বের হয়ে যায় তবে মাসেহ ভেঙে যায়।
৪. সময় শেষ: নির্ধারিত সময়সীমা শেষ হলে মাসেহ ভেঙে যায়।
৫. পানি ঢোকা: মোজার ভেতর দিয়ে পানি প্রবেশ করলে মাসেহ ভেঙে যায়।

শীতের সময় মোজা মাসেহের এই বিধানগুলো অনুসরণ করে আপনি সহজে অজু করতে পারেন এবং আল্লাহ্‌র নির্দেশ মেনে চলতে পারেন। আল্লাহ্‌ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।