...|...|...

সারাদেশ

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ২:২৯
Shares
সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

বিমানবন্দরে হামলার কারণে আটকা পড়েছেন ঈশ্বরদী উপজেলার ৫০ ওমরাহ যাত্রী।

ওমরাহ পালন শেষে দেশে ফেরার কথা থাকলেও সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার কারণে আটকা পড়েছেন ঈশ্বরদী উপজেলার ৫০ ওমরাহ যাত্রী। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে তারা বিমানবন্দরে আটকা আছেন।

আটকে পড়া যাত্রীদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিও আছেন। মোয়াল্লেম মোহাম্মদ আবু রায়হান জানিয়েছেন, ওমরাহ পালন শেষে ৫০ জনের মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটায় তারা আটকা পড়েছেন। হোটেলে থাকার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদের থাকার ব্যবস্থা নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে।

সাগর সরদার নামে এক ওমরাহ যাত্রী জানান, তিনি তার মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওমরাহ পালনে গিয়েছিলেন। দেশে ফেরার প্রস্তুতির সময় বিমানবন্দরের ঘটনার কারণে আটকা পড়েছেন। থাকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তারা বিপদে পড়েছেন।

ইসমাইল হোসেন নামে আরেক যাত্রী জানিয়েছেন, প্রবীণ যাত্রীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। নতুন আবাসন ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। দেশে ফেরার অনিশ্চয়তা যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরের হামলার ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের ৮২টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এর মধ্যে সরাসরি ৩২টি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। প্রায় ১৩ হাজার যাত্রী এই ভোগান্তির শিকার হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেবিচক। তবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানিয়েছেন, পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে আটকে পড়া ওমরাহ যাত্রীদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, শীঘ্রই এই সংকট সমাধান হবে এবং যাত্রীরা নিরাপদে দেশে ফিরে আসতে পারবেন।