ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে যানজটে আটকে থাকা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে চাপা দিয়েছে ট্রাক। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার শীতিস চন্দ্র দাসের ছেলে অনুপ কুমার দাস (৫৭) এবং একই এলাকার মৃত মো. নোয়াজিস মিয়ার ছেলে আনোয়ারুল আজিম (৫৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অনুপ কুমার দাস ও আনোয়ারুল আজিম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সরাইলের বৈশামুড়া এলাকায় যানজটে আটকা পড়েন তারা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়।
দুর্ঘটনায় অনুপ কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আব্দুল হালিম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


