...|...|...

সারাদেশ

কুকুরের কামড়ে শিশুসহ আহত শতাধিক

হবিগন্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৩
Shares
কুকুরের কামড়ে শিশুসহ আহত শতাধিক

ছবি: টাইমস টুডে

হবিগঞ্জ সদর উপজেলার বহুলা ও রিচি সহ কয়েকটি এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০০ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এসব এলাকায় কুকুরের আক্রমণে আহতদের প্রায় ৭০ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় কুকুর আতঙ্কে ভোগছেন লোকজন।

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে বহুলা, রিচিসহ আশপাশের এলাকায়  একাধিক বেওয়ারিশ কুকুর মানুষকে কামড়াতে শুরু করে। এতে শিশু ও নারীসহ অনেকে আহত হন। কুকুরের আতঙ্কে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এদিকে এর আগে সোমবার সন্ধ্যার পর লাখাই উপজেলায় লোকালয়ে ঢুকে একটি শেয়াল একের পর এক মানুষকে কামড় দেয়। শেয়ালের আক্রমণে সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার ৮ নারী, ১৮ পুরুষ ও এক কিশোরসহ মোট ২৭ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার জানান, আমাদের সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে কুকুরের কামরের ভ্যাকসিন রয়েছে। হাসপাতালে আসা রোগীদের ভ্যাকসিন দেয়া হয়েছে।