...|...|...

সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:১০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৯
Shares
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। 

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর ১০ মিনিট পর সকাল ১০টা ২৫ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে আগুনের শিখা ও ধোঁয়া। এতে কারখানার ভেতরে থাকা ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট সরঞ্জামসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ভবনের কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বলেন, কারখানার ভবনটি ইস্পাত ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ভবনটিতে কাচও রয়েছে। এসব কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ১৪টি ইউনিট কাজ করছে এবং আরও চারটি ইউনিট পথে রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।