প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই ভবনের ভেতরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার একটি বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

