উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে যথাযথভাবে ব্যয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতার সাথে কাজ করার পাশাপাশি প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অর্জনে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে কর্মকর্তাদের বিশেষভাবে মনোযোগী হতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ-সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আল্লাহ তায়ালা দেশের জন্য ও মানুষের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। যার যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সাথে সম্পন্ন করার চেষ্টা থাকতে হবে।
তিনি বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যে যখন যে দায়িত্বে রয়েছেন, সেই সময়টুকু দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, যার হাতে যত দিন কাজ করার সুযোগ রয়েছে, সেই সুযোগ যেন দেশ ও মানুষের স্বার্থে সঠিকভাবে কাজে লাগানো হয়।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনা করার কথা জানান প্রধানমন্ত্রী। পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


