...|...|...

খেলা

ডায়াবেটিস নিয়েও থামেনি ওয়াসিম আকরামের ক্রিকেটযুদ্ধ, আম্পায়ারের পকেটে রাখতেন মিষ্টি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫১
Shares
ডায়াবেটিস নিয়েও থামেনি ওয়াসিম আকরামের ক্রিকেটযুদ্ধ, আম্পায়ারের পকেটে রাখতেন মিষ্টি

ছবি: সংগৃহীত

ডায়াবেটিস ধরা পড়ার পরও ক্রিকেট থেকে সরে দাঁড়াননি পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে খেলেছেন ক্যারিয়ারের বড় একটি সময়। বোলিংয়ে নামার আগে হঠাৎ সুগার কমে যাওয়ার আশঙ্কায় আম্পায়ারদের পকেটে মিষ্টিও রেখে যেতেন তিনি। যে রোগ তার ক্যারিয়ার থামিয়ে দিতে পারত, সেই রোগের সাথে লড়াই করেই নিয়েছেন প্রায় ২৫০টি আন্তর্জাতিক উইকেট।

নিজের আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’-এ ডায়াবেটিসের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন আকরাম। আম্পায়ারদের কাছে মিষ্টি রাখার কারণ ব্যাখ্যা করে তিনি লিখেছেন, ‘আম্পায়ারদের কাছে কয়েকটা মিষ্টি রেখে দিলে মাঝেমধ্যে কাজে দিত, যদি হঠাৎ আমার রক্তে শর্করা কমে যায়।’

১৯৯৭ সালে শারজায় আকাই সিঙ্গার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সময় শরীরের পরিবর্তন বুঝতে পারছিলেন আকরাম। প্রচণ্ড ক্ষুধা লাগলেও ওজন কমছিল। সাথে ছিল ক্লান্তি ও মাথাব্যথা। পরে লাহোরে ফিরে শারীরিকভাবে ভেঙে পড়লে বাবা চৌধুরী মোহাম্মদ আকরাম তাঁকে ডায়াবেটিস পরীক্ষা করানোর পরামর্শ দেন।

রক্ত পরীক্ষায় জানা যায়, আকরামের শর্করার মাত্রা ৪৪০। খবরটি ছিল তার জন্য বড় ধাক্কা। কারণ, নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী এই ক্রিকেটার কোনো অ্যাথলেটের ডায়াবেটিস থাকার কথাও আগে জানতেন না।

লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজের অধ্যাপক ফয়সাল মাসুদের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের কাছে আকরামের প্রথম প্রশ্ন ছিল, ‘আমি কি ক্রিকেট খেলতে পারব?’ চিকিৎসক জানান, অবশ্যই পারবেন, তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে।

এরপর শুরু হয় নতুন জীবনযাপনের অভ্যাস। ইনসুলিন নেওয়া, গ্লুকোজের মাত্রা পরীক্ষা, খাবার ও ইনসুলিন সংরক্ষণের নিয়ম শিখতে হয় তাকে। বদলে ফেলতে হয় খাদ্যাভ্যাসও। ভারী কার্বোহাইড্রেট ও তেলে ভাজা খাবারের বদলে খাবারের তালিকায় জায়গা নেয় শাকসবজি ও সালাদ। আকরামের ভাষায়, ‘প্রতিদিন আমি এর সাথে কুস্তি করতাম।’

প্রয়াত স্ত্রী হুমার সহযোগিতায় ধীরে ধীরে অনুশীলনে ফেরেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে ফিরে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫২ রান করার পাশাপাশি নেন ১৫ উইকেট। আগের গতি ও সহনশীলতা কমে গেলেও অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা দিয়ে ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ডায়াবেটিসের বিষয়টি সতীর্থদের কাছেও গোপন রেখেছিলেন আকরাম। পাকিস্তানে ইনসুলিন নিয়ে নানা ভুল ধারণা ও ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত থাকায় বিষয়টি প্রকাশ করতে চাননি। মাঠে কতটা গরম, কতক্ষণ বোলিং করতে হবে এবং কখন রক্তে শর্করা কমে যেতে পারে সবকিছুর হিসাব রাখতে হতো তাকে। জরুরি পরিস্থিতির কথা ভেবেই আম্পায়ারদের কাছে মিষ্টি রাখতেন।

১৯৯৮ সালে ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত ও মানসিক চাপের মধ্যেও ক্রিকেট চালিয়ে যান তিনি। এর বড় উদাহরণ ১৯৯৯ সালের চেন্নাই টেস্ট। ভারতের বিপক্ষে পাকিস্তানের ১২ রানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আকরাম। প্রচণ্ড গরমে ৪২ ওভার বোলিং করেন, রাহুল দ্রাবিড়কে বোল্ড করেন এবং শচীন টেন্ডুলকারের ক্যাচ নেন। এসবের পাশাপাশি সামলাতে হয়েছে ডায়াবেটিসও।

সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে পরে বলেন, ‘পরে জেনে আমি অবাক হয়েছি যে ওয়াসিম তার ক্রিকেটের এত বড় অংশ খেলেছেন টাইপ ১ ডায়াবেটিস নিয়ে। এতে তার অর্জন আরও উল্লেখযোগ্য হয়ে ওঠে।’

অবসরের পরও ডায়াবেটিসের সাথে লড়াই সহজ ছিল না। কোকেনে আসক্ত হয়ে পড়ায় নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিলেন আকরাম। তবে পরবর্তী সময়ে ডায়াবেটিস সচেতনতা তৈরিতে কাজ শুরু করেন। ২০০৪ সালে সুইস ওষুধ কোম্পানি রশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন। রক্তে গ্লুকোজ মাপার যন্ত্র অ্যাকু-চেকের প্রচারে পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়ায় যান। ডেনিশ প্রতিষ্ঠান নোভো নরডিস্কের সাথেও কাজ করেছেন তিনি।

ডায়াবেটিস নিয়ে উপমহাদেশে অজ্ঞতা ও ভয় দূর করতে নিজের জীবনকেই উদাহরণ হিসেবে তুলে ধরেন আকরাম। তার মতে, ইনসুলিন নেওয়া বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়া মানেই স্বাভাবিক জীবন থেমে যাওয়া নয়। রোগ ধরা পড়ার পরও প্রায় ২৫০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন, গড়েছেন পরিবার।

আত্মজীবনীতে ৫৬ বছর বয়সে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আকরাম লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে যে ডায়াবেটিস আমাকে আক্রান্ত করেছিল, তা এখনো ভুগিয়ে চলেছে। তবু আমি শক্তিশালী, নিরাপদ আর পরিতৃপ্ত বোধ করি।’

বোলারদের ভাষায়, রিভার্স সুইংয়ে বলকে উল্টো দিকে বাঁক খাওয়াতে হয়। ওয়াসিম আকরামও যেন ডায়াবেটিসের বিপক্ষে তেমনই এক লড়াই করেছেন। আম্পায়ারের পকেটে রাখা কয়েকটি মিষ্টি ছিল সেই লড়াইয়ের ছোট্ট কৌশল। আর এর পেছনে ছিল অসুস্থতাকে সাথেী করেই ক্রিকেটের শীর্ষে টিকে থাকার এক অসাধারণ গল্প।