ফুটবল মাঠের মতো উপার্জনেও নিজের আধিপত্য ধরে রেখেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখনো আর্জেন্টিনার এই মহাতারকা। ইন্টার মিয়ামির হয়ে তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ২ কোটি ৮৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৩ কোটি টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবার্ট লেভানডফস্কির চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ পারিশ্রমিক তালিকায় এই তথ্য উঠে এসেছে। গত বছরের তুলনায় মেসির বার্ষিক পারিশ্রমিক বেড়েছে প্রায় ৮০ লাখ ডলার বা ১০০ কোটি টাকা। তবে এই হিসাবের মধ্যে স্পনসরশিপ ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয় অন্তর্ভুক্ত নয়। গত বছর ইন্টার মিয়ামির সাথে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন মেসি। গোল ডটকমের প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিকাগো ফায়ারের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। চলতি বছরের শুরুতে ক্লাবটিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৩ কোটি টাকা।
তৃতীয় স্থানে আছেন অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। তার পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার। চতুর্থ স্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরীয় ফরোয়ার্ড সন হিউং-মিন। তিনি পান ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার। আর পঞ্চম স্থানে থাকা আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।
খেলোয়াড়দের পারিশ্রমিকের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে মেসির ক্লাব ইন্টার মিয়ামি ক্লাবটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪০ কোটি টাকা।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিকাগো ফায়ার। তাদের খেলোয়াড়দের মোট পারিশ্রমিক ৪ কোটি ১২ লাখ ৯০ হাজার ডলার। এরপর আছে আটলান্টা ইউনাইটেড (৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার), লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার) ও লস অ্যাঞ্জেলেস এফসি (৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার)।
অন্যদিকে, খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ সবচেয়ে কম অর্থ ব্যয় করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। ক্লাবটির মোট নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার। এর ওপরে রয়েছে স্পোর্টিং কানসাস সিটি ও ডিসি ইউনাইটেড।



