...|...|...

খেলা

কোহলি-রুটদের উত্তরসূরি হিসেবে উইলিয়ামসনের পছন্দের তালিকায় ৫ তারকা যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৭
Shares
কোহলি-রুটদের উত্তরসূরি হিসেবে উইলিয়ামসনের পছন্দের তালিকায় ৫ তারকা যারা

কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনের আধিপত্যের যুগ শেষের পথে। তাদের উত্তরসূরি হিসেবে কারা নিজেদের প্রতিষ্ঠিত করবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এবার সম্ভাব্য নতুন ‘ফ্যাব ফোর’ নিয়ে নিজের পছন্দের পাঁচজনের নাম জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তালিকায় রয়েছেন হ্যারি ব্রুক, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, ক্যামেরুন গ্রিন ও রাচিন রবীন্দ্র।

সম্প্রতি আইসিসির অনুষ্ঠান ‘দ্য আইসিসি রিভিউ’-তে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের সাথে আলাপকালে ভবিষ্যতের ‘ফ্যাব ফোর’ নিয়ে নিজের ভাবনা জানান উইলিয়ামসন।

তার পছন্দের তালিকায় ইংল্যান্ডের হ্যারি ব্রুক, ভারতের শুভমান গিল ও যশস্বী জয়সোয়াল এবং অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন রয়েছেন। পঞ্চম ক্রিকেটার হিসেবে স্বদেশি রাচিন রবীন্দ্রর নামও উল্লেখ করেন তিনি। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে রবীন্দ্রর ক্ষেত্রে কিছুটা সংশয় রয়েছে তার।

উইলিয়ামসন বলেন, ‘আমার তালিকায় ছিল হ্যারি ব্রুক, শুবমান গিল, ক্যামেরন গ্রিন এবং যশস্বী জয়সোয়াল।’

রবীন্দ্রকে নিয়ে তিনি বলেন, ‘আরেকজন ছিল রাচিন রবীন্দ্র। তবে তার সামনে হয়তো একটি চ্যালেঞ্জ হতে পারে ক্রিকেটের ব্যস্ত সূচি এবং টেস্ট ক্রিকেটের পরিমাণ। কারণ, ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, তা আমি জানি না। তবে আমার বিবেচনায় সেও এই তালিকায় থাকবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে নিউজিল্যান্ডের প্রয়াত কিংবদন্তি মার্টিন ক্রো কোহলি, স্মিথ, রুট ও উইলিয়ামসনকে নিয়ে ‘ফ্যাব ফোর’ ধারণাটি সামনে আনেন। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইলিয়ামসন ১১০ টেস্টে ৩৩ সেঞ্চুরি ও ৩৮ ফিফটিতে করেছেন ৯ হাজার ৫১৫ রান। ইতোমধ্যে কোহলি ও উইলিয়ামসন টেস্ট থেকে অবসর নিয়েছেন। স্মিথ ও রুটের ক্যারিয়ারও শেষ অধ্যায়ের দিকে। এখন নতুন প্রজন্মের এই পাঁচ ব্যাটার টেস্ট ক্রিকেটে কতটা আধিপত্য গড়তে পারেন, সেটিই দেখার বিষয়।