...|...|...

খেলা

নিকো পাজের মধ্যে মেসি-ম্যারাডোনার ছায়া দেখছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১১:১২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৫
Shares
নিকো পাজের মধ্যে মেসি-ম্যারাডোনার ছায়া দেখছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবলে নতুন প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় তারকা নিকো পাজ। মাত্র ২২ বছর বয়সেই তার প্রতিভা ও পারফরম্যান্স নজর কেড়েছে ফুটবলবিশ্বের। এবার এই তরুণকে নিয়ে বড় প্রশংসা করেছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তার মতে, ২২ বছর বয়সে পাজের মতো পারফরম্যান্স দেখিয়েছেন কেবল লিওনেল মেসি ও দিয়াগো ম্যারাডোনা।

সম্প্রতি ইতালির ক্রীড়া দৈনিক ‘লা গাজ্জেতা দেলো স্পোর্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে পাজের প্রতিভা ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভেরন। কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে পাজের জোড়া গোলের প্রসঙ্গও উঠে আসে।

ভেরন বলেন, ‘নিকো পাজের অবিশ্বাস্য প্রতিভা রয়েছে। পেশাদার আচরণটা এভাবে ধরে রাখতে পারলে ভবিষ্যৎ তারই। ২২ বছর বয়সে এমন কিছু করতে আমি কেবল মেসি আর ম্যারাডোনাকেই দেখেছি।’ টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

তবে মেসি ও ম্যারাডোনার সাথে তুলনা করলেও এখনই পাজকে তাদের সমপর্যায়ে রাখতে নারাজ ভেরন। তার মতে, ওই দুজনের মতো ফুটবলের যুগান্তকারী তারকা হয়ে ওঠা সহজ নয়। তবে সেই উচ্চতায় পৌঁছানোর মতো প্রতিভা ও সামর্থ্য পাজের রয়েছে।

তরুণ এই আর্জেন্টাইনের মাঠের উপস্থিতি ও খেলার ধরনও মুগ্ধ করেছে সাবেক অধিনায়ককে। প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ের মধ্যেও সতীর্থরা পাজের পায়ে বল তুলে দিতে আস্থা পান। কারণ, বল পায়ে প্রতিপক্ষের বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার দক্ষতা রয়েছে তার।

ভেরনের চোখে, পাজ মূলত মিডফিল্ডারের চেয়ে ফরোয়ার্ড হিসেবেই বেশি কার্যকর। তবে খেলার ভিশন ও ম্যাচের গতি বোঝার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার আক্রমণভাগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন ভেরন।

এত প্রশংসার পরও পাজকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির অবস্থানকেও সমর্থন করেছেন সাবেক এই অধিনায়ক। তরুণ ফুটবলারের ওপর গণমাধ্যমের বাড়তি চাপ কম রাখতেই সতর্ক অবস্থানে রয়েছেন স্কালোনি।