রক্তে লোহিত কণিকার উৎপাদন বাড়াতে ব্যবহৃত নিষিদ্ধ ওষুধ ইপিও (EPO) গ্রহণের দায় স্বীকার করেছেন কেনিয়ার ম্যারাথন তারকা পেরেস জেপচিরচির। ডোপিংবিরোধী নিয়ম ভঙ্গের দায়ে তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ)। একই সাথে তার সাম্প্রতিক সব প্রতিযোগিতার ফল বাতিল করা হয়েছে। ফলে সিডনি ম্যারাথনে জেতা শিরোপাও হারিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় এআইইউ। সংস্থাটি জানায়, গত আগস্টে সিডনি ম্যারাথনে জয়ের আগে জেপচিরচিরের দেওয়া নমুনায় নিষিদ্ধ ইপিওর উপস্থিতি পাওয়া যায়। গত ১৭ সেপ্টেম্বর পরীক্ষার ফল হাতে আসে। এরপর গত মাসে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
প্রাথমিকভাবে ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেছিলেন ৩৩ বছর বয়সী এই অ্যাথলেট। এআইইউ জানায়, পরীক্ষায় নিষিদ্ধ উপাদানের উপস্থিতি পাওয়ার বিষয়ে সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, কীভাবে তার নমুনায় এমন ফল এসেছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তবে পরবর্তী সময়ে ডোপিংবিরোধী নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে শাস্তি মেনে নেওয়ার নথিতে স্বাক্ষর করেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
এআইইউর সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১৭ জুলাই থেকে তার সব প্রতিযোগিতার ফল বাতিল হবে। এর মধ্যে গত আগস্টে সিডনি ম্যারাথনে পাওয়া শিরোপাও রয়েছে। ওই প্রতিযোগিতায় ২ ঘণ্টা ১৮ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেছিলেন জেপচিরচির। দ্বিতীয় হওয়া স্বদেশি ইরিনে চেপতাইকে এখন ২০২৬ সালের সিডনি ম্যারাথনের নারী বিভাগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
জেপচিরচিরের ক্যারিয়ারে রয়েছে একাধিক বড় অর্জন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে ম্যারাথনে সোনা জেতেন তিনি। একই বছর নিউইয়র্ক ম্যারাথন, ২০২২ সালে বোস্টন ম্যারাথন এবং ২০২৪ সালে লন্ডন ম্যারাথনেও চ্যাম্পিয়ন হন। ২০২৬ সালে সিডনি ম্যারাথনেও শিরোপা জিতেছিলেন তিনি। হাফ ম্যারাথনে একসময় বিশ্ব রেকর্ডের মালিকও ছিলেন এই দৌড়বিদ।
কেনিয়ার অ্যাথলেটদের মধ্যে ডোপিংয়ের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে এআইইউ প্রতিষ্ঠার পর দেশটির ১৪০ জনের বেশি অ্যাথলেট ডোপিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন। জেপচিরচিরের পাশাপাশি কেনিয়ার দূরপাল্লার দৌড়বিদ ভেরোনিকা লোলেও তিন বছরের এবং রোনাল্ড কোরির ছয় বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন।
এর আগে গত বছর কেনিয়ার নারী ম্যারাথন বিশ্ব রেকর্ডধারী রুথ চেপনগেটিচ নিষিদ্ধ মূত্রবর্ধক ওষুধ ব্যবহারের দায়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান।
এআইইউর প্রধান নির্বাহী ব্রেট ক্লোথিয়ার বলেন, গত পাঁচ বছরে ডোপিংবিরোধী লড়াইয়ে কেনিয়া উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে, এ ক্ষেত্রে দেশটির আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। ডোপিংয়ে সহায়তাকারী অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং দেশটির অ্যান্টি-ডোপিং সংস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে কেনিয়া সরকার বলেও জানান তিনি।



