...|...|...

খেলা

অলিম্পিকে ১০০ মিটার ফাইনালে ইতিহাস গড়লেন বাংলাদেশের শিপন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫০
Shares
অলিম্পিকে ১০০ মিটার ফাইনালে ইতিহাস গড়লেন বাংলাদেশের শিপন

শিপন মিয়া। ছবি: সংগৃহীত

যুব অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠে সপ্তম হয়েছেন বাংলাদেশের অ্যাথলেট শিপন মিয়া। বৈশ্বিক পর্যায়ের এই প্রতিযোগিতায় ফাইনাল পর্যন্ত পৌঁছে দেশের অ্যাথলেটিকসে নতুন সাফল্যের নজির গড়েছেন তিনি। এর আগে যুব অলিম্পিকে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স ছিল না।

সেনেগালের রাজধানী ডাকারে চলমান যুব অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে অংশ নিয়ে এই কৃতিত্ব দেখান শিপন। ফাইনালে ৯ প্রতিযোগীর মধ্যে সপ্তম হন তিনি। এ দৌড় শেষ করতে তার সময় লেগেছে ১১.১৮ সেকেন্ড।

এর আগে সেমিফাইনালে নিজের ক্যারিয়ারসেরা টাইমিং গড়েন শিপন। দুই নম্বর সেমিফাইনাল হিটে ১১.০৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন তিনি। দুই সেমিফাইনালের শীর্ষ চার প্রতিযোগী এবং দুই হিট মিলিয়ে সেরা টাইমিং করা প্রতিযোগীকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়। সেই সুবাদে ফাইনালে জায়গা করে নেন বাংলাদেশের এই স্প্রিন্টার।

ফাইনালে পদকজয়ীদের সাথে শিপনের সময়ের ব্যবধান থাকলেও বৈশ্বিক মঞ্চে তার এই পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। ব্রোঞ্জ পদকজয়ী পোল্যান্ডের স্প্রিন্টার দৌড় শেষ করেন ১০.৬১ সেকেন্ডে।

এর আগে ২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের জহির রায়হান। এরপর আন্তর্জাতিক পর্যায়ে যুব অ্যাথলেটিকসে উল্লেখযোগ্য সাফল্য ছিল না দেশের। শিপনের ফাইনালে ওঠা সেই ধারায় নতুন সংযোজন।

সিনিয়র অলিম্পিকে বাংলাদেশের অ্যাথলেটরা সাধারণত হিটের বাধা পেরোতে পারেন না। এশিয়ান ও কমনওয়েলথ গেমসেও পদক কিংবা উল্লেখযোগ্য সাফল্য পাওয়া কঠিন। সেই বাস্তবতায় যুব অলিম্পিকে শিপনের ফাইনালে ওঠা বাংলাদেশের অ্যাথলেটিকসের জন্য আশাব্যঞ্জক অর্জন।