প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে চাপে থাকা ভুটান শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে রয়েছে। পল্টনের জাতীয় স্টেডিয়ামে রবিবারের (৮ নভেম্বর) ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র করেছে। এই ড্রয়ের ফলে পাকিস্তানের পর সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
ম্যাচে শুরুতে শ্রীলঙ্কা আধিপত্য বিস্তার করলেও ৩৪তম মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরেই দূরপাল্লার শটে সমতা ফেরান অলিভার কেলার্ট। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৩ মিনিট) ওয়াসিম রাজিকের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় লঙ্কানরা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেলেও তা মিস করেন তারকা ফরোয়ার্ড চেনচো গিয়েলশেন। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে সেই আক্ষেপ ঘুচান তিনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ের ফলে দুই দলেরই সেমিফাইনালের সম্ভাবনা টিকে রইল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেলে সেমির টিকিট পাবে ভুটান। অন্যদিকে লঙ্কানদের সামনে সহজ সমীকরণ—শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠবে তারা।


