...|...|...

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

মালদ্বীপকে উড়িয়ে সেমির লড়াইয়ে ফিরল পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৯
Shares
মালদ্বীপকে উড়িয়ে সেমির লড়াইয়ে ফিরল পাকিস্তান

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। প্রথমার্ধেই তিন গোল করে মালদ্বীপকে ৩–০ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে সেমিফাইনালের আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল পাকিস্তান।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে রবিবার (৮ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন মিকাইল অরুণ আব্দুল্লাহ।

চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এরপর নবম মিনিটে বক্সের কিনারা থেকে শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাজিব উল্লাহ। ২৪ মিনিটে মালদ্বীপের ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন নাজিব।

প্রথমার্ধের ৩–০ গোলের লিড শেষ পর্যন্ত ধরে রেখেই মাঠ ছাড়ে পাকিস্তান। বিরতির পর মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি। ম্যাচের ৬৬ মিনিটে মালদ্বীপের একটি আক্রমণ প্রতিহত করেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট এবং পরের মিনিটে তাদের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

ভারতের কাছে প্রথম ম্যাচে ৩–২ গোলে হারের পর এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমির লড়াইয়ে ফিরল পাকিস্তান। অন্যদিকে এই হারে চাপে পড়া মালদ্বীপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর ভারতের মুখোমুখি হবে।