...|...|...

খেলা

বাংলাদেশ-ভারত ফাইনালে খেলুক, বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩১
Shares
বাংলাদেশ-ভারত ফাইনালে খেলুক, বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে প্রশ্ন তুলে টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। তার অভিযোগ, বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে ফাইনালে দেখতে চাইলে অন্য দলগুলোকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন নেই। সরাসরি এই দুই দলকে নিয়ে ফাইনাল আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি।

ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আল মুতাইরি। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচের বিভিন্ন সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন লঙ্কান কোচ।

বিশেষ করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) না থাকায় ক্ষোভ জানিয়েছেন তিনি। আল মুতাইরির দাবি, ভুটানের দ্বিতীয় গোলটি অফসাইড থেকে হয়েছে। এ ছাড়া শ্রীলঙ্কার একটি পেনাল্টিও প্রাপ্য ছিল বলে মনে করেন তিনি।

এ বিষয়ে শ্রীলঙ্কার কোচ বলেন, ‘গ্রুপ পর্ব থেকেই যদি ভিএআর থাকতো, আমি বিশ্বাস করি, তাদের দ্বিতীয় গোলটা অফসাইড ছিল। আর আমাদেরও একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা পাইনি। ভুটানের বিপক্ষেই যদি এই সমস্ত ভুল হতে পারে, তবে স্বাগতিক দেশ বাংলাদেশের বিপক্ষে আমাদের সাথে কী ঘটবে? এটাই সাফের কাছে আমার প্রশ্ন।’

টুর্নামেন্টের আয়োজকদের উদ্দেশে আরও কড়া মন্তব্য করেন আল মুতাইরি। তিনি বলেন, ‘যদি বাণিজ্যিক সুবিধার কথা ভেবে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চান, তবে ফাইনাল ম্যাচটা শুধু ওই দুই দলের মধ্যেই আয়োজন করুন। তাহলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন এবং আমাদের মূল্যবান সময় নষ্ট হওয়া থেকে বাঁচান।’

ভিএআর ব্যবহারের নীতিমালা নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার এই কোচ। তার মতে, আন্তর্জাতিক মানের রেফারি আনার ব্যবস্থা থাকলে প্রযুক্তির সহায়তা নেওয়ার ব্যবস্থাও থাকা উচিত। অর্থ ব্যয় করতে না পারলে টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুধু সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ব্যবহারের সিদ্ধান্তকে যথেষ্ট মনে করছেন না আল মুতাইরি।

তবে রেফারিং ও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুললেও বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী তিনি। মাঠে বাংলাদেশকে ভয় পান না জানিয়ে আল মুতাইরি বলেন, ‘আমি কেবল আমার বাবাকে ভয় পেতাম। তাই আমি কাউকে বা কোনও কিছুকেই ভয় পাই না। ফুটবল মাঠে খেলা হবে ১১ জনের বিরুদ্ধে ১১ জন। আমি একটা কথা প্রতিশ্রুতি দিচ্ছি; শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচটি সাফ ইতিহাসের সেরা ম্যাচ হবে।’