মেয়ের পড়াশোনার খরচ মেটানোর তাগিদে শাড়ি পরে এবং খালি পায়ে ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী এক মা। খেলাধুলার জুতো ও ট্র্যাকস্যুট পরা বহু তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে তার এই জয় এখন সর্বত্র প্রশংসিত হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) মহারাষ্ট্রের বীড় জেলার অম্বাজোগাই এলাকার বাসিন্দা রামাবাই রণবীর মায়ের অদম্য জেদ ও সন্তানের শিক্ষার প্রতি প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ভারতীয় শিক্ষা প্রসারক সংস্থার কোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের ‘অমৃত মহোৎসব’ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিনি। এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি ৩,০০০ টাকা নগদ পুরস্কার জিতে নেন, যা দিয়ে তিনি তার মেয়ের পড়াশোনার খরচ মেটানোর পরিকল্পনা করেছেন।
এনডিটিভির তথ্য মতে, অম্বাজোগাইতে আয়োজিত এই ম্যারাথনটি ছত্রপতি শিবাজী মহারাজ চক থেকে শুরু হয়ে ভাগ্যাগর চকে গিয়ে শেষ হয়। এই প্রতিযোগিতায় বিপুলসংখ্যক স্থানীয় তরুণ ও তরুণী অংশ নিয়েছিলেন।
রামাবাই যখন সাধারণ একটি শাড়ি ও চটি পরে অনুষ্ঠানে পৌঁছান, তখন তিনি একজন সাধারণ প্রতিযোগী হিসেবেই যোগ দিয়েছিলেন এবং তিনি যে শেষ পর্যন্ত বিজয়ী হবেন, তার কোনো পূর্বাভাস ছিল না।
দৌড় শুরু হওয়ার পর তিনি প্রবল দৃঢ়তার সাথে দৌড়াতে শুরু করেন। তবে কিছুদূর যাওয়ার পর তার চটিটি পিছলে যেতে শুরু করে এবং গতিরোধ করে। থেমে না গিয়ে তিনি চটি দুটি খুলে হাতে তুলে নেন এবং খালি পায়েই দৌড় অব্যাহত রাখেন।
রাস্তায় ছোট পাথর ও নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবং দৌড়ানোর সময় শাড়ি সামলানোর মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি ফিনিশ লাইন বা শেষ রেখা ছোঁয়ার দিকে মনোযোগ বজায় রাখেন। তার এই অদম্য দৃঢ়তা তাকে স্পোর্টস শু এবং ট্র্যাকস্যুট পরা বহু তরুণ প্রতিযোগীকে ছাড়িয়ে যেতে সাহায্য করে।
তিনি সবার আগে ফিনিশ লাইন পার হয়ে ম্যারাথনে জয়ী হন।
তার এই জয় দর্শক ও আয়োজকদের মনে গভীর আবেগ জাগিয়ে তোলে। সন্তানের শিক্ষার প্রতি তার এমন জেদ ও নিষ্ঠা দেখে সবাই করতালির মাধ্যমে তাকে সাধুবাদ জানান।
জেতা ৩,০০০ টাকার পুরস্কারের অর্থ তার মেয়ের পড়াশোনার পেছনে খরচ করা হবে, যা রামাবাই ও তার পরিবারের কাছে এই অর্জনটিকে আরও অনেক বেশি অর্থবহ করে তুলেছে।


