ব্রাজিল জাতীয় দলের হয়ে দুটি নারী বিশ্বকাপে খেলেছেন। প্রতিনিধিত্ব করেছেন ইউরোপের দুই নামী ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের। পেশাদার ফুটবলের পথ ধরে এখন সৌদি আরবে। তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও এবার আলোচনায় ব্রাজিলের নারী ফুটবলার কাতেলেন সুজা। ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন তিনি। ধর্মীয় বিশ্বাসের এই পরিবর্তনের পেছনের গল্পও বেশ অনুপ্রেরণামূলক।
দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিলেন তিনি। সৌদি আরবে মুসলিম সতীর্থদের সাথে ধর্ম নিয়ে আলোচনা, পবিত্র কুরআন পাঠ এবং প্রথম রমজানে রোজা রাখার অভিজ্ঞতা তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে। ফ্ল্যাশস্কোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধর্মীয় পরিবর্তনের সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন কাতেলেন।
ব্রাজিল থেকে ইউরোপ, এরপর সৌদি আরব
১৯৯৬ সালের ২৬ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্তে শহরে জন্ম কাতেলেন সুজা ফেইতোজার। ছোটবেলায় সান্তোসের বয়সভিত্তিক দলে ফুটবলে হাতেখড়ি তার। তবে ব্রাজিলে নারী ফুটবলে পর্যাপ্ত সুযোগ না থাকায় মাত্র ১৮ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
সেখানে মনরো কলেজ, ইউনিভার্সিটি অব লুইসভিল ও ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডায় পড়াশোনার পাশাপাশি ফুটবল চালিয়ে যান। যুক্তরাষ্ট্রের পাঠ চুকিয়ে ফ্রান্সের ক্লাব বোর্দো দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। এরপর ইতালির ইন্টার মিলান হয়ে ২০২২ সালে যোগ দেন স্পেনের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে।
২০২৪ সালের আগস্টে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের আল নাসরে যোগ দেন কাতেলেন। ক্লাবটিতে খেলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। চলতি বছরের জুলাইয়ে আল নাসর ছেড়ে সৌদি আরেক ক্লাব আল হিলালে নাম লেখান এই ডিফেন্ডার।
ব্রাজিল জাতীয় দলের হয়েও রয়েছে তার উল্লেখযোগ্য অর্জন। ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৩১টি ম্যাচ। ২০১৯ ও ২০২৩ সালের নারী বিশ্বকাপে ব্রাজিল দলের সদস্য ছিলেন। ২০২২ সালে কোপা আমেরিকা জয়ী দলেও ছিলেন তিনি।
ক্যাথলিক পরিবার থেকে ইসলামের পথে
কাতেলেনের বেড়ে ওঠা ক্যাথলিক পরিবারে। ছোটবেলা থেকেই গির্জায় যাতায়াত ছিল, এমনকি গির্জার বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন। ধর্মের প্রতি বিশ্বাস থাকলেও একটা সময় আধ্যাত্মিক সংকটে পড়েন তিনি।
ফ্ল্যাশস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই সময়ের কথা জানিয়ে কাতেলেন বলেন, ‘আমার জন্ম ক্যাথলিক পরিবারে। আমাকে ব্যাপটাইজড করা হয়েছিল। ছোটবেলায় গির্জায় যেতাম, গির্জার বিভিন্ন কাজেও যুক্ত ছিলাম। ধর্মের প্রতি আমার গভীর বিশ্বাস ছিল। কিন্তু রিয়াল মাদ্রিদে থাকার শেষ বছরে আমি আধ্যাত্মিকভাবে পুরোপুরি পথ হারিয়ে ফেলেছিলাম। কোনো নির্দিষ্ট ধর্মও অনুসরণ করছিলাম না। সব ধরনের ধর্ম সম্পর্কে জানতে, পড়তে ও আলোচনা করতে ভালো লাগত।’
রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে সৌদি আরবে যাওয়ার পর তার জীবনে নতুন পরিবর্তন আসে। মুসলিম সতীর্থদের সাথে ধর্ম নিয়ে আলোচনা শুরু করেন। তাদের কাছ থেকে ইসলামের বিভিন্ন বিষয় জানতে পারেন। প্রথম রমজানে মুসলিম না হয়েও রোজা রাখার অভিজ্ঞতা তার চিন্তায় বড় প্রভাব ফেলে।
কাতেলেন বলেন, ‘তারা কখনো আমাকে কিছু চাপিয়ে দেয়নি। গত বছর এখানে আমার প্রথম রমজানে আমি মুসলিম না হয়েও রোজা রেখেছিলাম। ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছিল। এরপর কোরআন পড়েছি, তাদের সাথে আরো বেশি আলোচনা করেছি।’
বাবার কথাতেও পেয়েছিলেন অনুপ্রেরণা
ইসলাম সম্পর্কে জানার অভিজ্ঞতা পরিবারের সাথেও ভাগ করে নিয়েছিলেন কাতেলেন। বড়দিনের ছুটিতে বাড়ি গিয়ে বাবাকে নিজের উপলব্ধির কথা জানান। বাবার একটি মন্তব্য তার মনে গভীর প্রভাব ফেলে।
সেই স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘গত এক বছরে ধর্ম সম্পর্কে যা শিখেছি, সেসব বাবাকে বলেছিলাম। বাবা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, তুমি আধ্যাত্মিকভাবে অনেক পরিণত, উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠেছ। সৌদি আরবে ফিরে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে এসেছিলাম, যে ধর্ম সম্পর্কে জানছি ও শিখছি, সেটি আমাকে আরো ভালো মানুষ করে তুলছে। তাই ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
এরপর চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের ঘোষণা দেন কাতেলেন। আল নাসর নারী দলের সতীর্থরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে পবিত্র মক্কায় গিয়ে মসজিদুল হারামে প্রথমবার ওমরাহ পালন করেন তিনি।
সেই অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে কাতেলেন লিখেছিলেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তনের চেষ্টা এবং জীবনের উপহারগুলোর জন্য কৃতজ্ঞতা।’
ফুটবলের ব্যস্ত সূচির মধ্যেও ধর্মীয় অনুশীলন চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের এই ডিফেন্ডার। ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন তার জীবনের নতুন অধ্যায়ের আরেকটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকল।




