নামাজে সুরা ফাতিহা পাঠ শেষ হওয়ার পর ‘আমিন’ বলা সুন্নত। তবে মুসল্লিদের মধ্যে কেউ অনুচ্চস্বরে আবার কেউ উচ্চস্বরে আমিন বলে থাকেন। বিশেষ করে জামাতে নামাজ আদায়ের সময় এই পার্থক্য বেশি চোখে পড়ে। এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, কোন পদ্ধতিটি সঠিক এবং কেন মুসলমানরা দুইভাবে আমিন বলেন?
ইসলামী ফিকহশাস্ত্রে আমিন বলার আওয়াজ নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। এই মতভেদের পেছনে রয়েছে হাদিসের বিভিন্ন বর্ণনা, সাহাবি ও তাবেয়িদের আমল এবং সেসব দলিলের ব্যাখ্যায় পার্থক্য। তবে আমিন বলার গুরুত্ব নিয়ে উভয় পক্ষই একমত।
আমিন শব্দের অর্থ কী?
‘আমিন’ শব্দের অর্থ হলো, হে আল্লাহ, কবুল করুন। নামাজে সুরা ফাতিহার শেষ আয়াত পাঠের পর এই শব্দ উচ্চারণ করা হয়।সুরা ফাতিহায় মহান আল্লাহর কাছে সরল পথের দিশা চাওয়া হয়েছে। তাই সুরাটি শেষ করে আমিন বলার মাধ্যমে মূলত সেই প্রার্থনা কবুলের আবেদন জানানো হয়।
সহিহ বুখারির ৭৮০ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইমাম আমিন বললে মুক্তাদিরাও আমিন বলবে। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এ হাদিস থেকে নামাজে আমিন বলার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানা যায়।
আস্তে আমিন বলার পক্ষে আলেমদের যুক্তি
হানাফি মাজহাবের প্রচলিত বিধান অনুযায়ী, নামাজে আমিন অনুচ্চস্বরে বলা হয়। এ মতের পক্ষে আলেমরা কোরআনের দোয়া-সংক্রান্ত নির্দেশনা এবং সাহাবি ও তাবেয়িদের কিছু বর্ণনাকে দলিল হিসেবে উপস্থাপন করেন।তাদের মতে, আমিন যেহেতু দোয়ার অর্থ বহন করে, তাই তা অনুচ্চস্বরে বলার পক্ষে সাধারণ নির্দেশনা রয়েছে।
পবিত্র কোরআনের সুরা আরাফের ৫৫ নম্বর আয়াতে আল্লাহকে বিনয়ের সাথে এবং গোপনে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সুরা মারইয়ামের ৩ নম্বর আয়াতে হজরত জাকারিয়া (আ.)-এর নীরবে দোয়া করার কথা উল্লেখ রয়েছে।আস্তে আমিন বলার পক্ষের আলেমরা এসব আয়াত থেকে দোয়ার ক্ষেত্রে অনুচ্চস্বরের গুরুত্ব তুলে ধরেন।
এ ছাড়া হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) এবং তাবেয়ি ইবরাহিম নাখাঈ (রহ.)-এর নামে বর্ণিত কিছু আছারে অনুচ্চস্বরে আমিন বলার কথা পাওয়া যায়। তবে এসব বর্ণনার প্রামাণিকতা ও ব্যাখ্যা নিয়ে হাদিসবিশারদদের মধ্যে আলোচনা রয়েছে।
হানাফি ফকিহদের মতে, আমিন বলার নির্দেশ থাকলেও সব ক্ষেত্রে উচ্চস্বরে বলাকে বাধ্যতামূলক ধরে নেওয়া যায় না। তাই তারা অনুচ্চস্বরে আমিন বলার পদ্ধতি অনুসরণ করেন।
জোরে আমিন বলার পক্ষে কী দলিল রয়েছে?
শাফেয়ি ও হাম্বলি মাজহাবের প্রচলিত মত অনুযায়ী, উচ্চস্বরে কিরাত পাঠ করা হয় এমন নামাজে উচ্চস্বরে আমিন বলার বিধান রয়েছে।
এ মতের পক্ষে আলেমরা রাসুলুল্লাহ (সা.)-এর আমলসংক্রান্ত কয়েকটি হাদিস উল্লেখ করেন।হজরত ওয়াইল ইবনে হুজর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সুরা ফাতিহার শেষাংশ পাঠ করার পর আমিন বলতেন এবং এ সময় তার কণ্ঠস্বর উঁচু করতেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৯৩২)
এ বর্ণনাকে উচ্চস্বরে আমিন বলার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া ইমাম বুখারি (রহ.) তার সহিহ গ্রন্থে ইমাম ও মুক্তাদির উচ্চস্বরে আমিন বলার বিষয়ে পৃথক অধ্যায় রেখেছেন।
সহিহ বুখারির ৭৮২ নম্বর হাদিসে রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন, ইমাম সুরা ফাতিহার শেষ আয়াত পাঠ করলে মুক্তাদিরা যেন আমিন বলেন। একই সাথে ফেরেশতাদের আমিনের সাথে মিল হওয়ার ফজিলতও বর্ণনা করা হয়েছে।উচ্চস্বরে আমিন বলার পক্ষের আলেমরা এসব হাদিস ও ইমাম বুখারির অধ্যায় বিন্যাসকে নিজেদের মতের সমর্থনে উপস্থাপন করেন।
মতপার্থক্য নিয়ে বিতর্ক নয়, প্রয়োজন পারস্পরিক সম্মান
ইসলামের ইতিহাসে বিভিন্ন আমলের পদ্ধতি নিয়ে সাহাবি, তাবেয়ি ও ফকিহদের মধ্যে মতপার্থক্য পাওয়া যায়। নামাজে আমিন বলার আওয়াজও এমনই একটি আলোচিত বিষয়।একটি মত অনুসরণ করার কারণে অন্য মতের অনুসারীকে হেয় করা কিংবা সুন্নাহবিরোধী আখ্যা দেওয়া অনুচিত।
নামাজের মূল উদ্দেশ্য মহান আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি অর্জন। তাই আমিন আস্তে বলা হোক কিংবা জোরে, এ বিষয়ে আলেমদের স্বীকৃত মতপার্থক্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি।
পারস্পরিক সহনশীলতা, ধর্মীয় জ্ঞান এবং অন্যের আমলের প্রতি সম্মান বজায় রাখলে এ ধরনের ফিকহি মতপার্থক্যকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বিরোধ এড়ানো সম্ভব।

