...|...|...

খেলা

মেসিদের পর আর্জেন্টিনার ভবিষ্যৎ কারা, প্রকাশ পেল স্কালোনির পছন্দের ফুটবলারের তালিকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩০
Shares
মেসিদের পর আর্জেন্টিনার ভবিষ্যৎ কারা, প্রকাশ পেল স্কালোনির পছন্দের ফুটবলারের তালিকা

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করতে এখন থেকেই নতুন প্রজন্মের ফুটবলারদের প্রস্তুত করার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। সেই পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় দলের কোচিং স্টাফের পর্যবেক্ষণে রয়েছেন মোট ৭৪ জন ফুটবলার। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ দলের প্রতিভাবানদের নিয়ে তৈরি এই তালিকায় জায়গা পেয়েছেন একাধিক পরিচিত মুখ ও সম্ভাবনাময় তরুণ।

সম্প্রতি আর্জেন্টিনার এজেইজা অনুশীলন কমপ্লেক্সে অনুশীলনের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন দলের ভিডিও বিশ্লেষক ও কৌশলগত সহকারী মাতিয়াস মান্না। সেখানেই ফুটবলারদের এই তালিকা সামনে আসে। শুক্রবার (২০ নভেম্বর) টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।

তালিকায় থাকা ৭৪ ফুটবলারকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এর মধ্যে সিনিয়র জাতীয় দলের ২৮ জন, অনূর্ধ্ব-২০ দলের ২৪ জন এবং অনূর্ধ্ব-১৭ দলের ২২ জন রয়েছেন। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড চার পজিশন বিবেচনায় তাদের আলাদা করে সাজানো হয়েছে।

সিনিয়র দলে ২৮ ফুটবলার

সিনিয়র দলের গোলরক্ষক হিসেবে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান।

রক্ষণভাগে রয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালার্দি, অ্যারন আনসেলমিনো, আগুস্তিন গিয়াই ও গনসালো মন্তিয়েল।

মাঝমাঠের সাত ফুটবলার হলেন মাসিমো পেরোনে, এজেকিয়েল ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বারকো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এক্সেকিয়েল পালাসিওস ও নিকো পাজ।

আক্রমণভাগে রয়েছেন জিয়ানলুকা প্রেস্টিয়ানি, থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হোসে লোপেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সুলে ও জিওভানি সিমিওনে।

অনূর্ধ্ব-২০ দলে নতুন মুখ ২৪ জন

ভবিষ্যতের জাতীয় দল গড়ার পরিকল্পনায় অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদেরও গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনার কোচিং স্টাফ। এই তালিকায় চার গোলরক্ষক হলেন মাসিমো লেগুইসামন, দামিয়ান তালাভেরা, রামিরো বুরাত্তি ও আগুস্তিন কোর্তেস।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন হোয়াকিন সালাস, লুকাস আয়ালা, গনসালো এসকুদেরো, হুয়ান আরাইয়াগো, মাতেও মার্তিনেজ, ইগ্নাসিও ওভান্দো, ভ্যালেন্তিন লোসা ও এলিয়াস ভেরন।

মাঝমাঠে রয়েছেন ব্রুনো গালাসি, আলেহান্দ্রো তেয়ো, ফাকুন্দো কারিজো, হেরোনিমো গোমেজ মাত্তার, ফ্রাঙ্কো পেরেজ, ফাকুন্দো গুচ ও রামিরো তুলিয়ান।

আক্রমণভাগের পাঁচ ফুটবলার হলেন ফাকুন্দো হাইনিকোস্কি, ভ্যালেন্তিন দাভিলা, ফ্রাঙ্কো দমিঙ্গেজ, ইয়ান সুবিয়াব্রে ও অ্যালেক্স ভেরন।

অনূর্ধ্ব-১৭ দলেও ২২ প্রতিভা

তরুণ প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগে বাদ পড়েনি অনূর্ধ্ব-১৭ দলও। এই দলের তিন গোলরক্ষক ভ্যালেন্তিন রেইগিয়া, থিয়াগো পার্গা ও কেভিন বায়েজ।

রক্ষণভাগে রয়েছেন বাউতিস্তা রোলদান, সিমন এসকোবার, অ্যালেক্স কারদোসো, বাউতিস্তা হিমেনেজ, মাতেও মেন্দিসাবাল, আলভারো গুইচ, হুলিও কোরিয়া ও থিয়াগো পেরেজ।

মিডফিল্ডে জায়গা পেয়েছেন মাতেও সানচেজ, আলান আলকারাজ, জিওভান্নি বারোনি, মার্কোস অর্তিজ, বেনহামিন ভায়েহো, মাতেও মাচুকা ও গালো এসকোবার।

এ ছাড়া আক্রমণভাগে রয়েছেন হুয়ান ক্রুস পলিসেলা, এমিলিয়ানো বারিওনুয়েভো, ফাকুন্দো সালিনাস ও তোবিয়াস গোইতিয়া।

দলে না থাকলেও নজরে রোমেরো-লাউতারোরা

তালিকাটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলে না থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারও কোচিং স্টাফের পর্যবেক্ষণে রয়েছেন। চোটের কারণে সর্বশেষ বিরতিতে খেলতে পারেননি ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস গনসালেস ও লাউতারো মার্তিনেজ। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা।

এ ছাড়া সর্বশেষ স্কোয়াডে জায়গা না পাওয়া রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোকেও নজরে রেখেছে কোচিং স্টাফ। বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার লিওনেল ফ্লোরেস, মিলতন দেলগাদো ও তোমাস আরান্দাও রয়েছেন এই তালিকায়। যদিও সর্বশেষ প্রীতি ম্যাচের দল গঠনের সময় তাদের বিবেচনায় রাখা হয়নি।

সব মিলিয়ে ৭৪ ফুটবলারের এই তালিকা থেকে স্পষ্ট, শুধু বর্তমান দল নিয়েই ভাবছেন না স্কালোনি। বরং আগামী দিনের আর্জেন্টিনা দল গঠনে সম্ভাবনাময় ফুটবলারদের আগেভাগেই পর্যবেক্ষণে রাখছে তার কোচিং স্টাফ।