...|...|...

বিশ্ব

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:১৪
Shares
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলার ঘোষণা মামদানির

অভিবাসীদের জন্য কার্যকর হতে যাওয়া নতুন পাবলিক চার্জ বিধির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসনের নতুন বিধির বিরোধিতা করে আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি। মামলায় নিউইয়র্ক সিটির সঙ্গে শিকাগো, সান ফ্রান্সিসকো, সান্তা ক্লারা কাউন্টি, সিয়াটেল, ওয়াশিংটনের কিং কাউন্টি এবং ‘পাবলিক রাইটস প্রজেক্ট’ও বাদী হিসেবে যুক্ত থাকছে।

নতুন বিধিটি আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বিধিটি কার্যকর হলে সরকারি অর্থায়নে পরিচালিত নির্দিষ্ট সহায়তা কর্মসূচি ব্যবহারকারী অভিবাসীদের গ্রিন কার্ড বা ভিসার আবেদন বিবেচনার সময় তারা ভবিষ্যতে সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা মূল্যায়ন করতে পারবেন অভিবাসন কর্মকর্তারা।

নিউইয়র্ক সিটির কর্মকর্তাদের অভিযোগ, নতুন ফেডারেল ‘পাবলিক চার্জ’ বিধিতে স্পষ্ট সংজ্ঞা ও পর্যাপ্ত সুরক্ষামূলক নির্দেশিকার অভাব রয়েছে। তাদের মতে, এটি অভিবাসী পরিবারগুলোর ওপর নতুন চাপ তৈরি করবে।

তবে নতুন বিধির পক্ষে যুক্তি দিয়ে মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) বলছে, এর উদ্দেশ্য হলো অভিবাসীদের স্বাবলম্বী হতে উৎসাহিত করা এবং করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার ওপর তাদের নির্ভরতা কমানো।

বিধি অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা মূল্যায়নের সময় অভিবাসন কর্মকর্তারা আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, আর্থিক পরিস্থিতি, শিক্ষা ও দক্ষতার মতো বিভিন্ন বিষয় বিবেচনা করতে পারবেন।

তবে সরকারি সহায়তা গ্রহণকারী প্রত্যেক অভিবাসীর গ্রিন কার্ড বা ভিসার আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে না। বরং আবেদনকারীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

মামদানি বলেন, নতুন পাবলিক চার্জ বিধির কারণে অভিবাসী পরিবারগুলো দীর্ঘদিন ধরে চালু থাকা খাদ্য, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তা কর্মসূচি গ্রহণ থেকে দূরে সরে যেতে পারে। এতে মানুষ চিকিৎসকের কাছে যাওয়া কিংবা আইনত প্রাপ্য সরকারি সহায়তা নেওয়ার ক্ষেত্রেও ভয় পেতে পারেন।

তিনি বলেন, এই আতঙ্ক শুধু ফেডারেল সরকারের নীতির আওতায় পড়া পরিবারগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; যোগ্য পরিবারগুলোর মধ্যেও এর প্রভাব পড়তে পারে। এর ফলে শেষ পর্যন্ত নিউইয়র্কের বৃহত্তর জনগোষ্ঠীকেও এর মাশুল দিতে হতে পারে।