জার্মানির রাজধানী বার্লিন সাইবার হামলার শিকার হয়েছে। হ্যাকাররা শহরের বিভিন্ন সিস্টেমে ঢুকে বিপুল পরিমাণ তথ্য চুরি করে মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন বার্লিনের মেয়র কাই ওয়েগনার।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেয়র বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যাকারদের পক্ষ থেকে মুক্তিপণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনোভাবেই তাদের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, “বার্লিনকে ব্ল্যাকমেইল করা যাবে না।”
জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা ৩০ বিটকয়েন দাবি করেছে, যার মূল্য প্রায় ২০ লাখ ইউরো। তবে ঠিক কত অর্থ দাবি করা হয়েছে, তা মেয়র প্রকাশ করেননি।
সাইবার হামলার কারণে বার্লিনের কিছু অনলাইন সেবা বন্ধ করে দিতে হয়েছে। বর্তমানে তদন্তকারীরা চুরি হওয়া তথ্যের পরিমাণ ও ধরন শনাক্ত করার চেষ্টা করছেন।
এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে রাইসিডা গ্রুপ, যাদের রাশিয়া ও পূর্ব ইউরোপভিত্তিক সাইবার অপরাধী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। গ্রুপটি দাবি করেছে, তারা বার্লিন থেকে ৫ দশমিক ৭৯ টেরাবাইট তথ্য চুরি করেছে এবং সাত দিনের মধ্যে তা নিলামে বিক্রির পরিকল্পনা করছে।
বার্লিন কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ থেকে ১২ আগস্টের মধ্যে প্রাথমিকভাবে তথ্য ফাঁসের ঘটনা ঘটে। পরে ১৪ আগস্ট দুটি বিভাগের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আবাসন ভাতা ও অন্যান্য সরকারি অর্থ সহায়তার আবেদন কয়েক দিন বন্ধ ছিল।
ফরেনসিক তদন্তে বার্লিনের পরিবহন ও পরিবেশ বিভাগের আরও কিছু তথ্য ফাঁসের বিষয়ও উঠে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তিগত ও গোপনীয় তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাইসিডা গ্রুপ এর আগে ব্রিটিশ মিউজিয়ামে সাইবার হামলার দায় স্বীকার করেছিল। মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে ওই হামলার পর সংগঠনটি ডার্ক ওয়েবে চুরি করা তথ্য প্রকাশ করেছিল।
এদিকে বার্লিনে আসন্ন নির্বাচন সামনে রেখে এই সাইবার হামলা নিয়ে উদ্বেগ তৈরি হলেও কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী অবকাঠামো এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি।


