...|...|...

জাতীয়

এমপিদের ফোন হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করলেন চিফ হুইপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৩৭
Shares
এমপিদের ফোন হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করলেন চিফ হুইপ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্যদের (এমপি) মোবাইল ফোন হ্যাক করে পরিচিতজনদের কাছে জরুরি অর্থ চেয়ে বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি কণ্ঠস্বর নকল (ভয়েস ক্লোন) এবং স্বাক্ষর ও কাগজপত্র জালিয়াতির মাধ্যমে প্রতারণার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। এসব বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অনির্ধারিত আলোচনায় বিষয়টি তুলে ধরেন চিফ হুইপ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ ভবনে প্রবেশের সময় সদস্যদের ফেস রিডিং ডিভাইস ব্যবহারেরও অনুরোধ করেন চিফ হুইপ। তিনি বলেন, সংসদের বিভিন্ন লবিতে মুখমণ্ডল শনাক্তের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রত্যেক সংসদ সদস্যকে ফেস রিডিং সম্পন্ন করে সংসদ কক্ষে প্রবেশ করা উচিত।

মোবাইল ফোন হ্যাকের ঘটনা তুলে ধরে নুরুল ইসলাম মনি বলেন, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্য তাকে জানিয়েছেন, তাদের মোবাইল নম্বর ব্যবহার করে পরিচিতদের কাছে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

তিনি জানান, একটি নম্বর থেকে ৫০ হাজার টাকা, আরেকটি থেকে ৩০ হাজার এবং অন্য একটি নম্বর থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। এতে মোবাইল ফোন হ্যাক হওয়ার আশঙ্কা করছেন তিনি।

চিফ হুইপ বলেন, এ ধরনের প্রতারণা সম্পর্কে সংসদ সদস্যদের আরও সচেতন হওয়া প্রয়োজন। কারণ জনপ্রতিনিধিদের লক্ষ্য করে এ ধরনের ঘটনা ঘটলে এর প্রভাব সাধারণ মানুষের মধ্যেও পড়তে পারে।

তিনি আরও জানান, শুধু মোবাইল হ্যাক নয়, ভয়েস ক্লোন ব্যবহার করেও প্রতারণার চেষ্টা চলছে। পাশাপাশি স্বাক্ষর পরিবর্তন বা কারসাজি করে তৈরি করা কাগজপত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করা হচ্ছে। বিরোধী ও সরকারি দলের উভয় পক্ষের সংসদ সদস্যরাই এমন ঘটনার শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বিষয়টি উত্থাপনের জন্য চিফ হুইপকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সাথে এ ধরনের প্রতারণা ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চান তিনি।

জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে আগের দিনই সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে। প্রতারণা বন্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

এরপর ডেপুটি স্পিকার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়টিই তিনি শুনতে চেয়েছিলেন।