রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয় ছাত্রদল নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় তাকে ঘিরে ধস্তাধস্তির ঘটনায় তিনি সামান্য আহত হন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ধানমন্ডি ২৭ নম্বরে মিনা বাজারে কফি হাউসে বসে সেখানে কয়েকজন নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠক করছিলেন এই সাবেক এমপি।
পরে স্থানীয় বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা জানতে পেরে তাদের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সাবেক এই সংসদ সদস্য স্বাস্থ্যগত কারণে পালাতে পারেননি।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আটকের ঘটনায় সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা-২ আসন থেকে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


