রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়। একই সময়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ৩৩ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৮ জন রয়েছেন।
অভিযানকালে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল।
এ ছাড়া পুলিশের অভিযানে দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট ও দুটি বোতলের মুখ উদ্ধার করা হয়েছে। একই সাথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, ৪ লিটার পেট্রল ও ১৪টি বাঁশের মশালও জব্দ করা হয়। অভিযান চলাকালে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


