দেশের এভিয়েশন খাতের পরিধি বাড়াতে এবং নতুন নতুন রুট চালুর পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সই করেছে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেনমার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
এ সময় মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই নতুন উড়োজাহাজ কেনার এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এভিয়েশন সেক্টর এখন সম্প্রসারিত হচ্ছে এবং সামনে নতুন নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। ফলে এই নতুন উড়োজাহাজগুলোর প্রয়োজন ছিল।
বোয়িংয়ের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও জানান, দেশের চাহিদাকে প্রাধান্য দিয়েই বিমানগুলো কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে অন্য কোনো প্রতিষ্ঠানের (যেমন: এয়ারবাস) সাথেও আলোচনা হতে পারে।
এদিকে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বোয়িংয়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


