জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগের সাথে বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
তিনি বলেন, নিজস্ব পেশাগত যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতেই জাইমা রহমান জাতিসংঘের ওই পদে নিয়োগ পেয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ সরকার কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে কোনো চাকরি দেওয়া হয়নি। এমনকি জাতিসংঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনেও তার কোনো পদায়ন হয়নি।
তিনি বলেন, ‘এই নিয়োগ প্রক্রিয়ার সাথে বাংলাদেশ সরকারের দূরতম কোনো সম্পৃক্ততা নেই।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, জাইমা রহমান সরাসরি জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট মানবসম্পদ বিভাগ তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, নিয়োগসংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ও আর্থিক সুবিধা জাতিসংঘের সংশ্লিষ্ট কার্যালয় থেকেই বহন করা হচ্ছে। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে এ পদ ও নিয়োগের তথ্য যাচাই করা যাবে বলেও জানান তিনি।
জাতিসংঘের পেশাগত কাঠামোর বিভিন্ন স্তর তুলে ধরে মাহদী আমিন বলেন, পি-১ পর্যায়ের পদ সাধারণত নতুন স্নাতকদের জন্য, পি-২ পদের ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা এবং পি-৩ পদের জন্য অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন হয়।
তিনি বলেন, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও সক্ষমতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে জাইমা রহমান পি-৩ পর্যায়ের পদে নিয়োগ পেয়েছেন।
জাইমা রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই কার্যালয়ের প্রকাশিত তালিকায় তার নাম ও পদ উল্লেখ রয়েছে বলেও জানান মাহদী আমিন।
জাইমা রহমানের নিয়োগ নিয়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, অতীতে রাজনৈতিক বা পারিবারিক প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মিশনে পদায়ন কিংবা প্রতিনিধিদলে অন্তর্ভুক্তির যে সংস্কৃতি দেখা গেছে, জাইমা রহমানের ক্ষেত্রে তা হয়নি।
তিনি বলেন, ‘তিনি বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলেরও কোথাও সম্পৃক্ত হননি।’
মাহদী আমিন আরও বলেন, ‘নিজের মেধার জোরে আন্তর্জাতিক পরিসরে এমন একটি অবস্থানে পৌঁছানোকে আমাদের বরং সাধুবাদ জানানো উচিত। এই ধরনের সফলতাকে রাজনৈতিক উদ্দেশ্যে জড়িয়ে অপপ্রচার চালানো কোনোভাবেই কাম্য নয়।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান এবং মো. সুজাউদ্দৌল্লা উপস্থিত ছিলেন।




