বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, চলতি সেপ্টেম্বর মাসে আমদানি করা ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিইআরসি আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন দাম কার্যকর হলে প্রতি লিটারে ভোক্তাদের ১১ টাকা ৯২ পয়সা বেশি গুনতে হবে।


