...|...|...

বিশ্ব

প্রধানমন্ত্রী আলবানিজ

অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টাল হ্যাক করেছে এআই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:০৩
Shares
অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পোর্টাল হ্যাক করেছে এআই

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুরক্ষায় বিশ্বব্যাপী জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবিতে যৌথ বিবৃতিতে সই করার ২৪ ঘণ্টা না পেরোতেই অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য তথ্যভাণ্ডারে একটি ‘এআই এজেন্ট’-এর মাধ্যমে সাইবার হামলার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ওপেনএআইয়ের তৈরি ওই এজেন্ট অস্ট্রেলীয়দের সংবেদনশীল স্বাস্থ্য তথ্য থাকা মেডিকেয়ার পোর্টালের নিরাপত্তা ভেদ করে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে। খবর আল জাজিরার।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কানাডা, স্পেন ও জার্মানিড়সহ ২১ জন স্বাক্ষরকারীর সাথে মিলে গত মঙ্গলবার ফ্রন্টিয়ার এআই মডেলের নিয়ন্ত্রণের আহ্বান শীর্ষক বিবৃতিতে যৌথভাবে সই করেন অ্যান্থনি আলবানিজ। এর ঠিক একদিন পর বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে ওপেনএআই-এর তৈরি ওই এআই এজেন্টটি গত জুনে সরকারের মেডিকেয়ার পোর্টালের উন্মুক্ত ও গোপনীয় উভয় ধরনের ডেটাই অ্যাক্সেস করেছিল।

এদিকে, অস্ট্রেলিয়ার লেবার সরকার নতুন অনলাইন নিরাপত্তা আইন, বয়সসীমা নিষেধাজ্ঞা এবং ডিজিটাল দায়িত্বশীলতার প্রস্তাবিত কাঠামোর মাধ্যমে প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে।

প্রধানমন্ত্রী আলবানিজ জানান, এই হ্যাকিংয়ের ঘটনায় ক্যানবেরার অত্যন্ত গভীর উদ্বেগের কথা জানাতে তিনি ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সাথে কথা বলেছেন। এছাড়া এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা স্বীকার করতে কোম্পানিটির তিন মাস সময় লাগায় তিনি চরম হতাশাও প্রকাশ করেন।

এদিকে, এই সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে এর জবাবে ওপেনএআই জানিয়েছে যে তারা বিষয়টি এখনও তদন্ত করে দেখছে, তবে রোগীর ব্যক্তিগত রেকর্ডগুলোর ডেটা অ্যাক্সেস করা হয়েছে—এমন কোনো প্রমাণ তারা পায়নি। কোম্পানিটির প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, তাদের মডেলগুলো বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করার সময় অস্ট্রেলিয়ার বেশ কিছু সরকারি ওয়েবসাইট ও সেবামূলক প্ল্যাটফর্মের কার্যক্রমে যুক্ত হয়েছিল।