...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধে মানসিক স্বাস্থ্যের অবনতি

মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকনে’ ৮ সেনার আত্মহত্যার চেষ্টা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকনে’ ৮ সেনার আত্মহত্যার চেষ্টা

ছবি: এআই

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে কর্মরত অবস্থায় সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার চেষ্টার চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়া এবং জাহাজে জীবনযাত্রার মান অবনতি হওয়ার খবরের জেরে এ বিষয়টি প্রকাশ পেল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এএফপির হাতে আসা একটি চিঠির মাধ্যমে এ তথ্য প্রকাশ্যে এসেছে। ডেমোক্র্যাট সেনেটর কার্স্টেন গিলব্র্যান্ডের পাঠানো বিভিন্ন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও এই তথ্য নিশ্চিত করেছেন।

গত নভেম্বর থেকে সাগরে অবস্থান করা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এ জীবনযাত্রার করুণ মান ও মানসিক স্বাস্থ্যের অবনতির খবর মার্কিন সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিল, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধকে তীব্র সমালোচনার মুখে ফেলে দিয়েছে।

এদিকে, নৌবাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা ও সচিবের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, লিংকন রণতরী মোতায়েন শুরু হওয়ার পর থেকে এই স্ট্রাইক গ্রুপের বিভিন্ন জাহাজে মোট আটটি আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। তবে তিনি যোগ করেন যে, এই মেয়াদে মোতায়েন থাকার সময় জাহাজে সরাসরি কেউ আত্মহত্যা করেননি।

আত্মহত্যার চেষ্টার ঘটনার বিশদ বিবরণ দিয়ে চিঠিতে জানানো হয়, গত আগস্ট মাসের শুরুর দিকে বিমান উইংয়ের সাথে যুক্ত এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে লাফিয়ে পড়েছিলেন। তবে সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টার দ্রুত তাকে উদ্ধার করে এবং পরবর্তী চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে, গত মার্চ মাসে আরও এক নাবিক সমুদ্রে লাফ দেওয়ার চেষ্টা করলে তার সহকর্মীরা তাকে বাধা দেন এবং পরবর্তীতে তাকে নিজ বন্দরে ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের উদ্দেশ্যে ক্যালিফোর্নিয়া ত্যাগ করেছিল ইউএসএস লিংকন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলা শুরুর আগে রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পুনর্নিযুক্ত করা হয়। টানা ২৮৬ দিন সমুদ্রে কাটিয়ে অবশেষে গত সেপ্টেম্বরের শুরুতে এটি থাইল্যান্ডে যাত্রাবিরতি নেয়।

এর আগে, গত আগস্ট মাসে সামরিক পরিবারের সদস্য ও আইনপ্রণেতারা রণতরীতে আত্মহত্যার চেষ্টা, গুরুতর মানসিক স্বাস্থ্য সংকট, খাদ্য সংকট ও নিম্নমানের স্বাস্থ্যবিধি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও সে সময় প্রেসিডেন্ট ট্রাম্প সেই অভিযোগগুলো উড়িয়ে দিয়েছিলেন। এমনকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জোর দিয়ে বলেছিলেন যে রণতরীর ভেতরের পরিস্থিতিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।