যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশার কারণে বিনিয়োগকারীদের আগ্রহ কমার ফলে বিশ্ববাজারে সামান্য কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বাংলাদেশ সময় দুপুর ১টা ০২ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৭৪.৭৯ ডলারে নেমে আসে। এছাড়া আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত ইউএস গোল্ড ফিউচারসের দামও ০.২ শতাংশ কমে ৪,৩০৯.৮০ ডলারে দাঁড়ায়।
ভিটি মার্কেটসের চিফ স্ট্র্যাটেজি অফিসার রস ম্যাক্সওয়েল বলেন, বিনিয়োগকারীরা বর্তমানে গত সপ্তাহের সুদের হার বৃদ্ধির পর ফেডের দীর্ঘমেয়াদি উচ্চ সুদের অবস্থান, মার্কিন ডলার ও ট্রেজারি ইল্ডের ওঠানামা এবং জ্বালানি সরবরাহ ঝুঁকি সম্পর্কিত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন।
তিনি আরও বলেন, সুদের হার ফের বাড়ানোর বিষয়ে আরও স্পষ্ট সংকেত পাওয়া গেলে তা স্বর্ণের বাজারকে আরও নিম্নমুখী করে তুলবে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর বাজারেও এর প্রভাব পড়েছে। এর মধ্যে স্পট সিলভার বা রূপার দাম ০.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩.৯৪ ডলারে নেমেছে, প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ কমে ১,৭৪৬.০২ ডলারে দাঁড়িয়েছে এবং প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১,২৬৫.৫১ ডলারে পৌঁছেছে।


