...|...|...

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৪
Shares
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর সুদের নীতি বজায় রাখার ইঙ্গিতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩১৬.৭৮ ডলারে নেমেছে। একই সাথে আগামী ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৩৫৪ ডলারে।

স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন জানান, ফেড কর্মকর্তাদের মন্তব্য, সুদের হার, বন্ডের বাজার এবং তেলের দর ওঠানামার ওপর ভিত্তি করেই আপাতত স্বল্পমেয়াদি বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিচ্ছেন।

গত সপ্তাহে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪ শতাংশ করেছে এবং চলতি বছরের শেষ নাগাদ আরও একবার সুদের হার বাড়াতে পারে বলে আভাস দিয়েছে। সাধারণত সুদের হার বাড়লে অন্য লাভজনক খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ায় সোনা কেনায় আগ্রহ কিছুটা কমে যায়।

সোনার পাশাপাশি রূপার দাম ২.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫.৩৯ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ২.১ শতাংশ কমে ১,৭৯৪.২৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১,২৮৫.৬৫ ডলারে দাঁড়িয়েছে।

তবে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে রেকর্ড দামেই বিকোচ্ছে সোনা। জুয়েলার্স সমিতির নির্ধারিত নতুন দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় স্থির রয়েছে।