...|...|...

অর্থনীতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রফতানির অনুমতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২১
Shares
ডলার ছাড়াই টাকায় আমদানি-রফতানির অনুমতি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ব্যবহার না করেই বাংলাদেশি টাকায় আমদানি-রফতানির  অর্থ পরিশোধের সুযোগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআরটিএ) বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে বাণিজ্যিক লেনদেনের অর্থ টাকায় নিষ্পত্তি করা যাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো এবং স্থানীয় মুদ্রায় লেনদেনের সুযোগ বাড়াতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকে বাংলাদেশের রফতানিকারকের পাওনা পরিশোধ করা যাবে। তবে আমদানি-রফতানি সংক্রান্ত এলসি, চুক্তি ও ইনভয়েস আগের মতোই অনুমোদিত বৈদেশিক মুদ্রায় করা হবে। লেনদেন নিষ্পত্তির সময় প্রচলিত বিনিময় হার অনুযায়ী সেই অর্থ টাকায় রূপান্তর করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, টাকায় রফতানি আয় গ্রহণকারী রফতানিকারকরা নির্দিষ্ট শর্তে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন। এসব অর্থ কাঁচামাল আমদানি, রফতানির  উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ পরিশোধসহ অনুমোদিত বৈদেশিক মুদ্রার দায় মেটাতে ব্যবহার করা যাবে।

এ ছাড়া ভোস্ট্রো হিসাবে জমা থাকা অতিরিক্ত অর্থও নির্দিষ্ট খাতে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। অনুমোদিত ব্যবস্থার আওতায় এসব অর্থ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল ও ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বাংলাদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও এসব অর্থ ব্যবহার করা যাবে।

এক্সচেঞ্জ হাউসের রেমিট্যান্স বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ

একই দিনে পৃথক নির্দেশনায় এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরদের (আইএমটিও) মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স নির্দিষ্ট বৈদেশিক মুদ্রা হিসাবে জমা দেওয়ার সুযোগও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, এসব রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) এবং নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা রাখা যাবে।

তবে এ ধরনের লেনদেনের ক্ষেত্রে গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত (এএমএল/সিএফটি) বিধান এবং বাংলাদেশ ব্যাংকের প্রচলিত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও রিপোর্টিংয়ের নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।