প্রযোজ্য বিধিমালা, আইন এবং তদারকি সিদ্ধান্তগুলো মেনে না চলার অভিযোগে ইরানের অন্যতম প্রধান ব্যাংক ‘ব্যাংক মেল্লি’-র শাখাগুলোর কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ব্যবস্থাগুলো প্রযোজ্য বিধিমালা, আইন এবং তত্ত্বাবধানমূলক সিদ্ধান্তগুলো মেনে না চলার মতো লঙ্ঘনের কারণে নেওয়া হয়েছে।
আমিরাতের নতুন এই নিষেধাজ্ঞা অনুযায়ী, ব্যাংক মেল্লি ইরানের শাখাগুলোর মাধ্যমে ইরান থেকে বা ইরানের উদ্দেশ্যে কোনো ধরনের আর্থিক লেনদেন পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে বাণিজ্য অর্থায়ন (ট্রেড ফাইন্যান্স) এবং যেকোনো ধরনের আর্থিক স্থানান্তরও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ক্রমবর্ধমান অভিযানের অংশ হিসেবে গত আগস্ট মাসে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ইরানের ব্যাংক মেল্লির সাথে যুক্ত একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।


