...|...|...

সারাদেশ

শিশু মংমংসিংয়ের চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

উচ্চপ্রু মারমা, রাঙামাটি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৮
Shares
শিশু মংমংসিংয়ের চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

দুই বছরের ছোট্ট শিশু মংমংসিং মারমা। এই বয়সে যে শিশুর উঠোনজুড়ে ছুটে বেড়ানোর কথা, মায়ের কোলে বসে হাসি-খেলায় মেতে ওঠার কথা, সেই বয়সেই জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে পড়েছে সে। হৃদপিণ্ডে ছিদ্র ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুটিকে বাঁচাতে দ্রুত চিকিৎসা ও অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার।

মংমংসিং মারমার বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলার মুরালী পাড়ায়। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিল শিশুটি। পরে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার হৃদপিণ্ডে ছিদ্র ও থ্যালাসেমিয়া পজিটিভ ধরা পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিশুটির দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা না গেলে শিশুটির শারীরিক অবস্থা আরও জটিল হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সন্তানের চিকিৎসার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছেন তার মা-বাবা।

শিশুটির চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার। দরিদ্র পরিবারের পক্ষে এত বিপুল অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নেওয়ার চেষ্টা করেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারেননি তারা।

একদিকে সন্তানের অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার বিশাল ব্যয়-সব মিলিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে মংমংসিংয়ের মা-বাবার। প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে অনিশ্চয়তার।

সন্তানের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে মংমংসিংয়ের মা বলেন, আমার সন্তানকে আমি চোখের সামনে কষ্ট পেতে দেখছি। একজন মা হিসেবে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন করাতে হবে। কিন্তু আমাদের হাতে এত টাকা নেই। আমি সমাজের মানুষের কাছে হাতজোড় করে অনুরোধ করছি-মার সন্তানের জীবন বাঁচাতে আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করুন।

তিনি আরও বলেন, “কেউ যদি ১০ টাকা দিয়েও পাশে দাঁড়ান, সেটিও আমাদের জন্য অনেক বড় সহায়তা। আর যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, তারা অন্তত এই খবরটি ও ভিডিওটি শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার হয়তো এমন কোনো মানুষের কাছে পৌঁছে যাবে, যিনি আমার সন্তানের চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে আসবেন।”

মংমংসিংয়ের পরিবার জানিয়েছে, শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে তারা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষের সহযোগিতা কামনা করছেন।

পরিবারের সদস্যদের আশা, সম্মিলিত সহযোগিতায় দ্রুত প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হবে এবং মংমংসিংকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যাবে। একটি শিশুর জীবন বাঁচাতে সমাজের মানুষের সামান্য সামান্য সহযোগিতাই হয়ে উঠতে পারে বড় আশার আলো।

মংমংসিংয়ের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কারও পক্ষে বড় অঙ্কের অর্থ দেওয়া সম্ভব না হলেও সমস্যা নেই। যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী সহযোগিতা করলেই তারা কৃতজ্ঞ থাকবেন। পাশাপাশি যারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন না, তাদের কাছে শিশুটির চিকিৎসায় সহায়তার আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে আজ প্রয়োজন সবার সম্মিলিত মানবিকতা। মংমংসিংয়ের মুখের হাসি ফিরিয়ে দিতে যার যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তার পরিবার।