আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের জন্য ডিজেল (গ্যাস অয়েল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
একই সাথে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আহ্বান করা চলতি বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদের চারটি প্যাকেজের জ্বালানি তেল আমদানির দরপত্র বাতিলের প্রস্তাব উপস্থাপন করা হয়। কমিটি পর্যালোচনার পর দরপত্র বাতিলের এই প্রস্তাব অনুমোদন করে।
অন্যদিকে জিটুজি ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নতুন মূল্যে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেএমকে সূচক থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর এই দুই কার্গো এলএনজি বাংলাদেশে এসে পৌঁছাবে।


