...|...|...

অর্থনীতি

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪২
Shares
বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে দরপতনের মুখে পড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতু। আন্তর্জাতিক বাজারে স্পট রুপার দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪.৬৮ ডলারে নেমেছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুপার পাশাপাশি প্ল্যাটিনামের দাম ১.৫ শতাংশ কমে ১,৭৭০.১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ কমে ১,২৮৩.৪০ ডলারে দাঁড়িয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানো-কমানো নিয়ে কর্মকর্তাদের পূর্বাভাস ও বক্তব্যের ওপর নজর রাখছেন বিনিয়োগকারীরা, যার প্রভাবে ধাতুর দামে এমন ওঠানামা দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে রেকর্ড চড়া দামেই বিক্রি হচ্ছে সোনা ও রুপা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সমন্বয় করা নতুন দামেই আজ বাজারে কেনাবেচা চলছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকায় দাঁড়িয়েছে।

সোনার পাশাপাশি দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৭ টাকায় বিক্রি হচ্ছে।