...|...|...

বিশ্ব

জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৬
Shares
জাতিসংঘে গাজায় ইসরায়েলের ‘গণহত্যার’ নিন্দা স্পেনের প্রধানমন্ত্রীর

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযানকে প্রকাশ্য ও দ্ব্যর্থহীনভাবে 'গণহত্যা' হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। 

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া এক ভাষণে এই কঠোর অবস্থান ব্যক্ত করেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশ্বমঞ্চে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গাজায় নেতানিয়াহু যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন কোনো রাখঢাক না রেখে তার দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছে।

সাধারণ পরিষদের ভাষণে পেদ্রো সানচেজ স্পষ্ট করেন যে, স্পেন বিগত আট বছর ধরে বিশ্বের যেকোনো প্রান্তের আগ্রাসী যুদ্ধের সরাসরি বিরোধিতা করে আসছে। ইউক্রেন, লেবানন কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চল- যেখানেই হোক না কেন, আগ্রাসনের বিরুদ্ধে স্পেনের অবস্থান সবসময় স্পষ্ট।

তিনি আরও বলেন, তার দেশ অপ্রয়োজনীয় সামরিক ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে এবং জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সবকিছু করে যাচ্ছে। আন্তর্জাতিক আইনের বরখেলাপ করে কোনো ধরনের আগ্রাসন পরিচালনায় স্পেনের ভূখণ্ড যাতে কখনো ব্যবহার করা না হয়, সে বিষয়েও কঠোর পদক্ষেপ নিয়েছে তার সরকার।

একই সাথে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জোরালো প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।