নির্বাচনে ব্যাপক কারচুপির দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ নেই বলে আগে ঘোষণা দিলেও এবার সুর বদলেছে ইসরায়েল পুলিশ। নজিরবিহীন এই অভিযোগের বিষয়ে জোর তদন্ত পরিচালনা এবং সব ধরনের অনিয়ম কঠোর হস্তে দমনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েল পুলিশের কমিশনার ড্যানিয়েল লেভি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে কমিশনার ড্যানিয়েল লেভি জোর দিয়ে বলেন, পুলিশ তার সমস্ত শক্তি দিয়ে নির্বাচনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষা করবে।
ড্যানিয়েল লেভি আরও জানান, নির্বাচনের স্বচ্ছতা ও মান ক্ষুণ্ন হওয়ার মতো প্রাপ্ত যেকোনো অভিযোগ এবং যেকোনো ধরনের অপরাধের সন্দেহ পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষভাবে যাচাই ও তদন্ত করা হবে। আমরা কাউকেই নির্বাচনের পবিত্রতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার অনুমতি দেব না।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধের সামান্যতম সন্দেহ দেখা দিলেও সত্য উন্মোচন এবং জড়িতদের আইনের আওতায় আনতে কোনো ব্যতিক্রম ছাড়াই পুলিশ দৃঢ়ভাবে কাজ করবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন লেভি।


