ইউক্রেনের নিপ্রো শহরের প্রধান ট্রেন স্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্মে ভিড় করে থাকা সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি ‘উকরজালিজনিৎসিয়া’ জানিয়েছে, একটি জেটচালিত ড্রোন সরাসরি রেলওয়ে প্ল্যাটফর্মে আঘাত হানে। ওই সময় প্ল্যাটফর্মটিতে নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিজিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য একটি কমিউটার ট্রেন প্রস্তুত হচ্ছিল।
আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হাঞ্জা সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, এই প্রাণঘাতী হামলায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
উকরজালিজনিৎসিয়া বিবৃতিতে উল্লেখ করেছে, উচ্চ সতর্কবার্তা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘটনার পরপরই উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
নিপ্রো শহরের মেয়র বরিস ফিলাতোভ টেলিগ্রামে তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করে লিখেছেন, হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক লোক আহত হয়েছেন।


