ইউক্রেনের রাজধানী কিয়েভসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার সংসদীয় নির্বাচনের আংশিক ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক সরকারি ফলাফলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড রাশিয়া’ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম সিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক ফল অনুযায়ী, ইউনাইটেড রাশিয়া এখন পর্যন্ত ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। কঠোরভাবে নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থায় অনুষ্ঠিত এই নির্বাচনে দলটি সহজেই জয় পেতে যাচ্ছে বলে আংশিক ফলাফলে ইঙ্গিত মিলেছে।
ইউনাইটেড রাশিয়ার পেছনে রয়েছে কমিউনিস্ট পার্টি, এলডিপিআর, নিউ পিপল ও জাস্ট রাশিয়ার মতো দল। এসব দল গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে একই ধরনের অবস্থান নিলেও ভোটের হিসাবে তারা বেশ পিছিয়ে রয়েছে। তবে তারা সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমায় আসন পাওয়ার পথে রয়েছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নির্বাচনের ফল নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ইউনাইটেড রাশিয়া মর্যাদাপূর্ণ ফল করেছে। এ ফল রুশ জনগণের দলটির ওপর দেশ পরিচালনার দায়িত্ব অব্যাহত রাখার আস্থার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটাই প্রথম স্টেট ডুমা নির্বাচন। ভোটগ্রহণের সময় কিয়েভ মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন হামলা চালায়। রুশ সরকারি কর্মকর্তারা অভিযোগ করেছেন, নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতেই ইউক্রেন এই হামলা চালিয়েছে।
স্থানীয় গভর্নর ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ড্রোন হামলায় মস্কো অঞ্চলে তিনজন এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের খেরসন অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নির্বাচনী কর্মকর্তা ছিলেন।
মস্কোর একটি তেল শোধনাগারও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটগ্রহণ চলার সময় রাজধানীর উপকণ্ঠে অবস্থিত ওই স্থাপনা থেকে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেন, শত্রুপক্ষের ড্রোনের সবচেয়ে বড় হামলা প্রতিহত করা হয়েছে। নির্বাচন ব্যাহত করতেই এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ‘ফ্ল্যামিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে আসা প্রায় ২ হাজার ইউক্রেনীয় ড্রোন ও আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে মন্ত্রণালয়। এর জবাবে ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে তারা।


