...|...|...

বিশ্ব

যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে ইরান: পেজেশকিয়ান

টাইমসট টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২৩
Shares
যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে ইরান: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রবিবার (৩০ আগস্ট) মিডল ইস্ট আইয়ের বরাতে এ তথ্য জানা যায়।

তিনি বলেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধের সূচনা করে না। আমরা যুদ্ধকে স্বাগত জানাই না, কিন্তু যেকোনো শক্তিশালী আগ্রাসনকারীর বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াব।” পেজেশকিয়ান আরও বলেন, দৃঢ় সংকল্প নিয়ে প্রতিরোধকারী কোনো জাতিকে কোনো শক্তিই আত্মসমর্পণে বাধ্য করতে পারে না।

ইরানের প্রেসিডেন্ট জানান, কোনো হুমকির সামনে তেহরান মাথা নত করবে না। এর পেছনে রয়েছে দেশটির কূটনৈতিক প্রচেষ্টা, জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের কার্যক্রম এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে চলাচলের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি রয়েছে। তিনি বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিষয়ে ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো দাবিকে তারা স্বীকৃতি দিচ্ছেন না।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে কী পদক্ষেপ নিতে হবে, তা মধ্যস্থতাকারী দেশগুলোকে স্পষ্টভাবে জানানো হয়েছে।

তিনি অভিযোগ করেন, সমঝোতা স্মারকে দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রই লঙ্ঘন করেছে এবং এখন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দায়িত্বও ওয়াশিংটনের।

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে তিনি জানান, ওমানের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলে ইরানও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে উল্লেখ করেন তিনি।