ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে এক শিশু ও ছয় নারীসহ মোট ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পশ্চিম জয়ন্তিয়া হিলস জেলার আমলারেম মহকুমার লাড আমটাপোহ এলাকায় এক সন্দেহভাজন স্থানীয় দালালসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পশ্চিম জয়ন্তিয়া স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা জানান, ডাউকি সড়কে তাদের চেকপোস্ট দেখে একটি গাড়ির চালক যাত্রীদের নামিয়ে কাছের জঙ্গলে লুকিয়ে থাকতে বলেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে সংগঠনের সদস্যরা গাড়িটি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলে তল্লাশি চালিয়ে ওই ১১ জনকে আটক করা হয়।
সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের কারও কাছেই বৈধ ভ্রমণ নথি ছিল না। জিজ্ঞাসাবাদে তারা ডাউকি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন। পরে তাদের আমলারেম থানায় হস্তান্তর করা হয়।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় সংগঠন ‘হিন্নেউত্রেপ ইয়ুথ কাউন্সিল’।
বিএসএফ ও মেঘালয় পুলিশের নজরদারি জোরদারের দাবি জানিয়ে সংগঠনের সভাপতি রয়কুপার সিনরেম বলেন, সম্প্রতি আসামে আটক ২৭ জন বাংলাদেশিও ডাউকি রুট দিয়ে ভারতে প্রবেশের কথা জানিয়েছেন। ডাউকি হয়ে আসাম যাওয়ার এই অবৈধ রুট বন্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।


