যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও বার্তার মাধ্যমে (ভার্চ্যুয়ালি) ভাষণ দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। টানা দ্বিতীয় বছরের মতো আব্বাস ও তার প্রতিনিধিদলকে ভিসা দেয়নি ট্রাম্প প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অধিবেশনে দিনের চতুর্থ বক্তা হিসেবে বক্তব্য দেবেন মাহমুদ আব্বাস। অন্যদিকে একই দিনে দিনের ১৭তম বক্তা হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধিদলকে নিউইয়র্কে প্রবেশের অনুমতি দিয়েছে ওয়াশিংটন।
এমনকি নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রতিনিধিদলের সাথে দুই ঘণ্টা বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
অথচ যুক্তরাষ্ট্রের সরাসরি বিরোধ না থাকা সত্ত্বেও মাহমুদ আব্বাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গাজা পুনর্গঠন সংক্রান্ত ট্রাম্পের প্রস্তাবনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছেই শাসনভার হস্তান্তরের কথা বলা হয়েছিল।
তা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিনিধিদলের সঙ্গে কোনো আলোচনার উদ্যোগ নেয়নি যুক্তরাষ্ট্র।


