...|...|...

বিশ্ব

ইকুয়েডরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বিতর্ক, মুখ খুললেন প্রেসিডেন্ট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২১
Shares
ইকুয়েডরে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে বিতর্ক, মুখ খুললেন প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। গুয়ায়াকিল বন্দরনগরীর কাছে একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক উড়োজাহাজের অস্বাভাবিক উপস্থিতি এবং অবকাঠামো নির্মাণের তথ্য সামনে আসার পরও তিনি এ দাবি করেন।

রবিবার ডিজিটাল সংবাদমাধ্যম আলতাভোজকে দেওয়া সাক্ষাৎকারে নোবোয়া বলেন, দুই দেশের সহযোগিতার অংশ হিসেবে মার্কিন সেনাসদস্যরা ওই বিমানঘাঁটিতে কেবল সাময়িক কার্যক্রম পরিচালনা করছেন। তার ভাষায়, ‘কখনো নির্দিষ্ট কোনো মিশন থাকে, কখনো নির্দিষ্ট অভিযান। আমরা একসঙ্গে কাজ করি। এটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি নয়, ইকুয়েডরের ঘাঁটি।’

গত মাসে বার্তা সংস্থা এএফপির এক অনুসন্ধানে দেশটির তাউরা বিমানঘাঁটিতে মার্কিন উড়োজাহাজের অস্বাভাবিক উপস্থিতি, কয়েক ডজন তাঁবু স্থাপন এবং অবকাঠামোগত কাজের তথ্য উঠে আসে। জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ে ওই ঘাঁটিতে প্রায় ২০টি মার্কিন সামরিক ফ্লাইটের তথ্যও শনাক্ত করে সংস্থাটি। পাশাপাশি সেখানে মার্কিন সেনাসদস্যদের উপস্থিতির উল্লেখ থাকা নথিও সংগ্রহ করে এএফপি।

তবে মার্কিন উড়োজাহাজের উপস্থিতি নিয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি নোবোয়া। তাউরা বিমানঘাঁটি পরিদর্শনের সাংবাদিকের অনুরোধও এড়িয়ে যান তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক উপস্থিতির বৈধতা নিয়ে ইকুয়েডরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যেও প্রশ্ন উঠেছিল। দেশটির তৎকালীন বিমানবাহিনীর প্রধান জেনারেল মরিসিও সালাজার সেপ্টেম্বরে সশস্ত্র বাহিনীর কাছে এ মোতায়েনের বৈধতা স্পষ্ট করার অনুরোধ জানান। পরে তাঁকে পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্বে বদলি করা হয়।

ইকুয়েডরে মার্কিন সামরিক উপস্থিতির প্রকৃত পরিসর এখনো প্রকাশ করা হয়নি। তবে মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে কুইটো ও ওয়াশিংটনের সহযোগিতা ক্রমেই বাড়ছে।

বিদেশি ঘাঁটির বিরুদ্ধে গণভোট

বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের ওপর সাংবিধানিক নিষেধাজ্ঞা তুলে নিতে প্রচারণা চালিয়েছিলেন প্রেসিডেন্ট নোবোয়া। তবে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত গণভোটে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইকুয়েডরের ভোটাররা।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র এখন ইকুয়েডরের অন্যতম প্রধান সহযোগী। এ ক্ষেত্রে দেশটিকে সরঞ্জাম, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য ও সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে ওয়াশিংটন।

তবে এ সহযোগিতাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেছে সংস্থাটি। তাদের অভিযোগ, সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইকে যুদ্ধ হিসেবে তুলে ধরার কারণে দুই দেশের সরকারই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িয়ে পড়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক জলসীমায় মাদক পরিবহনের অভিযোগে বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদেও মেক্সিকোর মাদক তৈরির কারখানায় বোমা হামলার বিষয়টি বিবেচনা করেছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর লাতিন আমেরিকার কয়েকটি মাদক চক্রকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে নিজের কঠোর অবস্থানকে আনুষ্ঠানিক রূপ দেন।