...|...|...

বিশ্ব

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:২৫
Shares
বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। একই দিন পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য প্রকাশ করে।

২০১১ ও ২০১২ সালে আরব বসন্তের প্রভাবে সৌদি আরবেও সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় এসব কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ আনা হয় জাওয়াদের বিরুদ্ধে। তখন তার বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশগ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন সংগঠিত করার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাওয়াদ ও ফাদেল সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগদান, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা এবং গুলি ও বিস্ফোরক মজুতের অভিযোগ আনা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে সুপ্রিম কোর্টের অনুমোদন ও রাজকীয় ডিক্রি পাওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে জাওয়াদের পরিবারের অভিযোগ, নির্যাতনের মাধ্যমে তাকে অপরাধ স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। তাদের দাবি, তার দেওয়া স্বীকারোক্তি ছিল মিথ্যা। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও তার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

মানবাধিকার সংস্থা রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক মৃত্যুদণ্ড প্রকল্পের প্রধান জিদ বাসিউনি জানিয়েছেন, জাওয়াদসহ সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া চার তরুণকে শিশু বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক করা হয়েছিল। নির্যাতনের মাধ্যমে তাদের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

বাসিউনির মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ভিন্নমত দমনে মৃত্যুদণ্ডকে শাস্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের মৃত্যুদণ্ড বন্ধে সৌদি আরবের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

রিপ্রিভের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে কথিত অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিল—এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের সবাই শিয়া সম্প্রদায়ের সদস্য এবং ২০১১-১২ সালের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েছিলেন।

সৌদি আরবের পূর্বাঞ্চল মূলত শিয়া অধ্যুষিত। দেশটির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রগুলোর বেশির ভাগও এ অঞ্চলে অবস্থিত। দীর্ঘদিন ধরে এলাকাটিতে সরকারবিরোধী বিক্ষোভ এবং সেসব কর্মসূচি ঘিরে নিরাপত্তা বাহিনীর অভিযানের ঘটনা ঘটছে।