মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। আশির দশকে মাদক চোরাচালানের বিশাল সাম্রাজ্য গড়ে তুলে আলোচনায় আসেন এই অপরাধী। ‘দ্য গডফাদার’ ও ‘বস অব বসেস’ নামেও পরিচিত ছিলেন তিনি।
ফেলিক্স গ্যালার্দো ছিলেন মেক্সিকোর প্রভাবশালী গুয়াদালাহারা মাদক কার্টেলের প্রধান। আশির দশকে কোকেনের রমরমা বাণিজ্যের সময় মেক্সিকোর মাদক পাচার নিয়ন্ত্রণ করত তার এই সংগঠন। কলম্বিয়ার মাদক কার্টেলগুলোর সঙ্গে জোট গড়ে তোলার মাধ্যমে মাদক পাচারের নতুন কৌশল চালু করেন তিনি।
বিশেষ করে কলম্বিয়ার পাবলো এসকোবারের মেডেলিন কার্টেলের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলেন ফেলিক্স গ্যালার্দো। এর মাধ্যমে আন্দিজ অঞ্চলে উৎপাদিত কোকেন মেক্সিকোর পথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পাচার করা হতো। একপর্যায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মোট কোকেনের প্রায় ৮০ শতাংশই মেডেলিন কার্টেলের কাছ থেকে আসত বলে ধারণা করা হয়। এই মাদক পাচারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফেলিক্স গ্যালার্দোর সংগঠনের।
তার নেতৃত্বে গুয়াদালাহারা কার্টেল মেক্সিকোর রাজনীতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও ব্যাপক প্রভাব বিস্তার করে। পুলিশের বিভিন্ন নেটওয়ার্ক এবং অঙ্গরাজ্যগুলোর প্রশাসনের ওপরও সংগঠনটির নিয়ন্ত্রণ ছিল বলে জানা যায়।
১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর এজেন্ট এনরিক ‘কিকি’ কামারেনাকে অপহরণ, নির্যাতন ও হত্যার পর কার্টেলের নেতাদের ওপর চাপ বাড়তে থাকে। চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে কার্টেলের বিশাল গাঁজার খামারের সন্ধান পেয়ে তা ধ্বংস করেছিলেন কামারেনা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অভিযান শুরু হয়।
১৯৮৯ সালে গ্রেফতার হন ফেলিক্স গ্যালার্দো। পরে তাকে কয়েক দশকের কারাদণ্ড দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে ২০২২ সালে তাকে গৃহবন্দি রাখার অনুমতি দেওয়া হলেও গোড়ালিতে ব্যবহৃত ইলেকট্রনিক নজরদারি যন্ত্রের কারিগরি সমস্যায় কারাগার থেকে বাসায় স্থানান্তর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত নিজ শহর গুয়াদালাহারার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
আশির দশকে জোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানকে নিজের সংগঠনের পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলেন ফেলিক্স গ্যালার্দো। তার গ্রেফতারের পর গুয়াদালাহারা কার্টেল ভেঙে গেলে সেখান থেকেই গড়ে ওঠে কুখ্যাত সিনালোয়া কার্টেল। পরবর্তী সময়ে এই সংগঠনের নেতৃত্ব দেন এল চাপো। ২০১৯ সালে মাদক পাচার ও অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধে যুক্তরাষ্ট্রের আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


